আলামীন, রংপুর : রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়।
মাহাবুবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল বারী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানায়। শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও শ্রদ্ধায় অনুষ্ঠানস্থলে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল বারী শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, শৃঙ্খলা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাঁদের দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুহি শিক্ষা গুরুর মর্যাদা ও শিক্ষকদের অবদানের ওপর বক্তব্য দেয়। তার বক্তব্য উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসা কুড়ায়।
বক্তারা বলেন, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এ ধরনের আয়োজন তারই একটি ইতিবাচক দৃষ্টান্ত। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে আনন্দমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। দিনব্যাপী এ আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে।