ওয়ানডে ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হলো!
বিশাল রান তাড়ায় আড়াইশ ছাড়ানো জুটি গড়েন রোহিত শার্মা ও শুবমান গিল। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যানের সেঞ্চুরির জবাবে তিন অঙ্ক ছোঁয়া ইনিংস খেললেন ভারতের দুই ওপেনার- শুবমান গিল ও রোহিত শার্মা। তাতে হলো একটি বিশ্ব রেকর্ড- ওয়ানডেতে কোনো ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরি।
গুয়াহাটিতে বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই দল মিলিয়ে হয়েছে পাঁচটি সেঞ্চুরি। এর আগে কোনো ম্যাচে চারটির বেশি সেঞ্চুরি হয়নি।
ভারতের দুই ওপেনারের আগে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল, শেই হোপ ও আমির জাঙ্গু।
শুরুতে একটু সময় নেন রোহিত ও গিল। পরে দুই জনই শুরু করেন আগ্রাসী ব্যাটিং। তাতে দ্রুত এগিয়ে যায় ভারত।
একটা সময় দুই ব্যাটসম্যানেরই রান ছিল সমান- ৮০। পরে রানের গতি বাড়িয়ে আগে সেঞ্চুরি স্পর্শ করেন অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারে তার একাদশ ও সিরিজে টানা দ্বিতীয়।
চারশ ছাড়ানো রান তাড়ায় ৬২ বলে আসে গিলের অধিনায়কোচিত সেঞ্চুরি।
৮৪ রানে ফিরতে পারতেন রোহিত। সীমানায় ক্যাচ নিতে পারেননি কেসি কার্টি। এরপর সাবলীল ব্যাটিংয়ে ৭২ বলে তিনি স্পর্শ করেন তিন অঙ্ক। ওয়ানডেতে তার ৩৫তম এবং সবশেষ তিন ম্যাচে দ্বিতীয়।
২৭তম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন রোহিত। ৭৫ বলে ছয় ছক্কা ও ১০টি চারে তিনি করেন ১০১ রান। তার বিদায়ে ভাঙে ১৬১ বল স্থায়ী ২৫৫ রানের জুটি।
সে সময় ৮৬ বলে ছয় ছক্কা ও ১৭টি চারে ১৪৫ রানে অপরাজিত ছিলেন গিল।
ওয়ানডেতে এক ম্যাচে এতোদিন সর্বোচ্চ সেঞ্চুরি ছিল চারটি; ১৯৯৮ সালে লাহোরে, পাকিস্তান-অস্ট্রেলিয়া লড়াইয়ে।
২০১৩ সালে দ্বিতীয়বার হয় নাগপুরে, ভারত ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সৌজন্য। এর ১০ বছর পর হায়দরাবাদে চার সেঞ্চুরি করেন পাকিস্তান ও শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।
এবার সে সব ছাড়িয়ে চূড়ায় উঠে গেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের রান উৎসবের দ্বিতীয় ওয়ানডে।
সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশের ফাঁদ: ইতিহাসের পুনরাবৃত্তি নাকি জনস্বার্থ?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু তালা ঝুলানো নয়
ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না