কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল মঙ্গলবার (সেপ্টেম্বর) সব ব্যাংকে চিঠি দিয়ে তার হিসাব খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় সব তথ্য চাওয়া হয়েছে।
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বেশকিছু ব্যাংক কর্মকর্তা বলেন, চিঠিতে দ্রুত সময়ের মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার ‘নিউ গিনি প্রপার্টিজ’ হাউজিং কমপ্লেক্সের ভেতরে থাকা সালমানের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে সালমান মুক্তাদির সরাসরি ক্ষমতাসীন দলের সদস্যদের দায়ী করে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে তিনি নিজে স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেনি।