টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় প্রায় ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৪ হাজার ৯০০ মানুষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রোববারও শহরের বিভিন্ন খাল ও জলপথে পানির উচ্চতা বেশি ছিল। পানি দ্রুত সরিয়ে নিতে কাজ করছেন নগর কর্তৃপক্ষের কর্মীরা। ব্যাংকক ও আশপাশের এলাকায় রোববার আরও বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। সোমবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রায় ৪৮ ঘণ্টা টানা ভারী বৃষ্টির পর শনিবার ব্যাংককজুড়ে বন্যা পরিস্থিতিকে দুর্যোগ ঘোষণা করা হয়। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে শহরের কোনো কোনো এলাকায় ৩৩০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত কয়েকটি সড়ক এখনো পানির নিচে থাকার কথা জানিয়েছেন। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি কমলে দ্রুত পানি সরিয়ে নেয়া সম্ভব হবে। এদিকে বন্যার পানিতে সড়ক, বাড়িঘর ও যানবাহন ডুবে গেছে। অনেক বাসিন্দাকে নিজেদের ঘর থেকে পানি সরাতেও দেখা গেছে। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। এর ফলে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হতে পারে।