মানুষের হৃদয়ে ভালোবাসা একটি স্বাভাবিক অনুভূতি। মানুষ যাকে নিজের আপন মনে করে, তার প্রতি ভালোবাসা অনুভব করে। মুমিনের জীবনে এই ভালোবাসার সর্বোচ্চ স্থান আল্লাহর জন্য। কারণ মুমিন ব্যক্তির বিশ্বাস, তার জীবন, তার সামর্থ্য, তার রিজিক এবং তার ভবিষ্যৎ সবকিছুর মালিক আল্লাহ। তাই ইমান মানুষের হৃদয়কে এমন এক ভালোবাসার দিকে নিয়ে যায়, যার কেন্দ্র একমাত্র আল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা আল্লাহ ছাড়া অন্যদের আল্লাহর সমকক্ষ হিসেবে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। অথচ যারা ইমান এনেছে, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে।’ (সুরা বাকারা: ১৬৫)
ইমাম বায়হাকি (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এতে প্রমাণিত হয় যে আল্লাহকে ভালোবাসা ইমানের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ‘যারা ইমান এনেছে, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে।’ (শুয়াবুল ইমান: ২/৫)
অর্থাৎ ইমান মানুষকে আল্লাহর ভালোবাসার দিকে নিয়ে যায়। ইমান শুধু মুখের স্বীকৃতি নয়; তা মানুষের হৃদয়ের অবস্থাকেও পরিবর্তন করে। যার ইমান যত গভীর, আল্লাহর প্রতি তার ভালোবাসাও তত গভীর।