দেশের জনগণের সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে জবাই করেছে, বিএনপি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদের বিরোধী দলকে অনুরোধ জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, 'আপনাদের কোনো কাজ বা কথা যেন পতিত স্বৈরাচার সুবিধা না পায়। তারা তাদের মতো চেষ্টা করতেছে, আর আপনারা তার দায়িত্ব নিয়ে ফেলছেন। যেসব বোমাবাজি হচ্ছে, যেসব অগ্নিসংযোগ হচ্ছে, এসব করছে পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্টরা। আর আপনারা কেউ কেউ বলা শুরু করছেন, এই এই দাবি মেনে নিলে আর বোমাবাজি হবে না। তার মানেটা কী? কে করছে তাহলে?'—প্রশ্ন রাখেন তিনি।
বিরোধী দলের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, 'সব প্রয়াসের যদি বিরোধিতা করেন, তাহলে তো হবে না। আপনি ভালো পরিকল্পনা দেন। কিন্তু সেটা না করে সমালোচনা করছেন, এতে লাভ হবে না। দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। ভালো পরামর্শ থাকলে দেন, কিন্তু অবিশ্বাস-সন্দেহ করার কিছু নেই।'
তিনি বলেন, 'দুঃসময়ে দেশের দায়িত্ব নেওয়ার দৃষ্টান্ত বিএনপির আছে। দায়িত্ব নিয়ে সফল হওয়ার দৃষ্টান্ত আছে। আর কোনো রাজনৈতিক দল নেই, যারা দুঃসময়ের দায়িত্ব নিয়ে সফল হয়েছে। যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, যারা জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করেছে।'
নজরুল ইসলাম খান বলেন, 'এ দেশের মানুষের কল্যাণের জন্য যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, যারা কোনো ধরনের অপরাধ বা সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা, গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা এবং বিজয়ী হওয়া আমাদের সবার কর্তব্য।'
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.