এশিয়ান গেমস ক্রিকেটে কয়েকটি দল ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু এখনও মাঠে নামেনি বাংলাদেশ। স্বাভাবিকভাবেই টাইগার ভক্ত-সমর্থকদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে খেলতে নামবে লিটন দাসের দল?
পূর্ণ সদস্য দেশ হিসেবে এশিয়ান গেমসে গ্রুপপর্বে খেলতে হবে না বাংলাদেশকে। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে টাইগাররা। আজ (শনিবার) বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ঠিক হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর হতে যাওয়া এই ম্যাচে টাইগারদের মোকাবেলা করতে হবে মালয়েশিয়াকে।
শনিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও ওমানের মধ্যে। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচে টসই করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। পয়েন্ট ভাগ করা হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া। আর এই গ্রুপে রানার্স আপ হয়েছে হংকং।
বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে মালয়েশিয়া। এতে কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে।
আর রানার্সআপ হংকং কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচটি শুরু হবে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায়।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।