লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার এবারের আন্তর্জাতিক বিরতি এমনিতেই আবেগে মোড়া। তবে জাতীয় দলের অনুশীলন শুরুর সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্নও সামনে এসেছে, লিওনেল স্কালোনি কি থাকছেন? উত্তরটা এখনো দেননি আর্জেন্টিনা কোচ। তবে তার থাকার পক্ষে দলের খেলোয়াড়দের অবস্থান বেশ পরিষ্কার। একের পর এক খেলোয়াড় জানিয়েছেন, স্কালোনিকে তারা আরও দীর্ঘ সময় ডাগআউটে দেখতে চান।
মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অনুশীলন কেন্দ্রে প্রস্তুতি শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি। এর মধ্যে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ হিসেবে।
এর পাশাপাশি স্কালোনির ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা। আর্জেন্টিনা কোচের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। তবে নতুন চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ‘টিওয়াইসি স্পোর্টস’-এর তথ্য অনুযায়ী, নতুন চুক্তিতে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকার সুযোগ থাকতে পারে স্কালোনির। পাশাপাশি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর সুযোগও থাকতে পারে।
দলের খেলোয়াড়দের কাছে অবশ্য ভবিষ্যৎটা বেশ পরিষ্কার। ক্যাম্পে সবার আগে পৌঁছানোদের একজন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস। স্কালোনি থাকবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানালেও কোচ যে সিদ্ধান্তই নিন, সেটির প্রতি খেলোয়াড়দের সমর্থন থাকবে বলে জানিয়েছেন তিনি।
ক্রিস্তিয়ান রোমেরো অবশ্য নিজের চাওয়ার কথা সরাসরিই বলেছেন, ‘আমরা চাই তিনি থাকুন। এই দলটাকে গড়ে তোলার ক্ষেত্রে তিনিই মূল ব্যক্তি। তাই অবশ্যই আমরা চাই তিনি থাকুন।’
লিওনার্দো বালের্দিও একই প্রত্যাশার কথা জানিয়েছেন। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ মিস করা এই ডিফেন্ডার বলেন, ‘আমরা চাই তিনি থাকুন। তিনি থাকলে আমাদের জন্য সেটা হবে সম্মানের।’
স্কালোনির অধীনে জাতীয় দলে অভিষেক হওয়া নিকোলাস পাজও কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচদের একজন। তিনিই আমাকে জাতীয় দলে অভিষেকের সুযোগ দিয়েছেন। আমি চাই তিনি থাকুন।’
তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো অবশ্য ভবিষ্যৎ নিয়ে আলোচনার চেয়ে বর্তমানটাকেই উপভোগ করতে চান। তার ভাষায়, ‘আমরা এখনো তাঁকে উপভোগ করছি, এ মুহূর্তে সেটিই গুরুত্বপূর্ণ।’
গোলরক্ষক হুয়ান মুসো ও হেরোনিমো রুলিও স্কালোনির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। মুসো জাতীয় দলের হয়ে স্কালোনি যা গড়ে তুলেছেন, তার প্রশংসা করে বলেছেন, কোচের প্রতি দলের খেলোয়াড়দের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।
তবে স্কালোনি নিজে এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেননি। সম্প্রতি এশিয়ার একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সংক্ষিপ্ত উত্তর দেন তিনি, ‘আমরা চেষ্টা করব, আমরা থাকি বা না থাকি।’
আসন্ন প্রীতি ম্যাচগুলোতেও স্কালোনির লক্ষ্য পরিষ্কার। আর্জেন্টিনা এখন নতুন একটি পর্যায়ের দিকে এগোচ্ছে। তাই তরুণ খেলোয়াড়দের জাতীয় দলের খেলার ধরন ও দর্শনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চান তিনি। স্কালোনি বলেন, ‘আসন্ন ম্যাচগুলোতে আমাদের উদ্দেশ্য হলো তরুণ খেলোয়াড়দের আমাদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া।’
এই পরিকল্পনার অংশ হিসেবে এবার প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন তোবিয়াস আন্দ্রাদা, লিওনেল ফ্লোরেস, ভ্যালেন্তিন গোমেস ও রোমান ভেগা। স্কালোনির অধীনে গড়ে ওঠা দলের পরিচিতি ধরে রেখেই ধীরে ধীরে নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার চেষ্টা করছে আর্জেন্টিনা।
৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার এবারের সূচি। এরপর ৩ অক্টোবর মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তিন দিন পর একই শহরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে আন্তর্জাতিক বিরতি। আর সেই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার কথা মেসির।