আগামী ডিসেম্বর আইপিএলের ‘মিনি-নিলাম’ অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
আইপিএলের নিলাম ভারতে ফেরানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, এবার চূড়ান্ত করা হলো ভেন্যু। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেভাজিৎ সাইকিয়া বলেছেন, আগামী ডিসেম্বরে গোয়ায় আয়োজিত হবে ২০২৭ আসরের নিলাম।
কোচিতে ২০২৩ আইপিএল নিলামের পর, সবশেষ তিনটি নিলাম অনুষ্ঠিত হয় দুবাই, জেদ্দা ও আবু ধাবিতে। এবার ‘মিনি-নিলাম’ হওয়ায় তা ভারতে আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই।
বার্তা সংস্থা এএনআইকে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সাইকিয়া।
“সৌদি আরব, দুবাই ও আবুধাবি- তিনটি বিদেশি ভেন্যুতে আইপিএলের নিলাম আয়োজনের পর, এবার ডিসেম্বর মাসে গোয়ায় নিলাম আয়োজন করতে যাচ্ছি।”
২০২৭ আইপিএল নিলাম ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনার কথা গত সপ্তাহে জানায় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। ২০২৩-২৭ চক্রের এটাই হবে শেষ ‘মিনি-নিলাম।’
গত জুনে সাইকিয়া বলেন, ‘প্রতিকূল আবহাওয়ায় যেন টুর্নামেন্টে কোনো সমস্যা না হয়’ সেই ভাবনায় আইপিএলের সূচি এগিয়ে আনার কথা ভাবছে বিসিসিআই। তখন ‘১০ মার্চের মধ্যে শুরু করে ১৫ মের মধ্যে টুর্নামেন্ট শেষ করার’ পরিকল্পনার কথা জানান তিনি।
তবে এখনও টুর্নামেন্টের সূচি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, ২০২৮ আইপিএলের মেগা নিলাম আবারও দেশের বাইরে হতে পারে।
উইমেন’স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) পঞ্চম আসরের নিলাম আগামী ২৮ অক্টোবর কোচিতে অনুষ্ঠিত হবে। নিলামের আগে পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়াড় ধরে রাখার তালিকা জমা দেওয়ার শেষ সময় ২৮ সেপ্টেম্বর।
মেয়েদের আসর শুরু হবে আগামী ১৪ জানুয়ারি। ফাইনাল দিয়ে ৭ ফেব্রুয়ারি নামবে পর্দা।
শাহরিয়ার কবির: রাজনৈতিক পরিচয়ের ফৌজদারি পুনর্লিখন
আইফোন, ভোগবাদ ও সামাজিক অবক্ষয়: অপ্রতিমের হত্যাকারী কে?
রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান হয়ে ওঠার ব্যর্থতা
জার্মান রাজনীতিতে অতিডান ও অতিবামের উত্থান: ইউরোপের জন্য কি সতর্কবার্তা?