কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আমদানি করা হবে ১ লাখ ৫৫ হাজার টন সার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে সরকার।
সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এই এলএনজি কেনার বিষয়ে বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) সায় দিয়েছে।
অতিরিক্ত এলএনজি কার্গো দুটি আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর সরবরাহ করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তিতে বিদ্যমান দামের চেয়ে এই দুই কার্গো এলএনজির দাম ভিন্ন হবে।
গ্যাসের সংকট সামাল দিতে সরকার এলএনজি আমদানি বাড়াচ্ছে।
সেপ্টেম্বরের জন্য দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল থেকে কেনা এক কার্গো এলএনজি ১৩ থেকে ১৪ সেপ্টেম্বর সরবরাহের কথা ছিল।
এর মধ্যে সরকার আরও ছয় কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে ১৪ সেপ্টেম্বর। এর মধ্যে চারটি সরাসরি কেনা হবে যুক্তরাষ্ট্রের ডারাব ইনক ও মাইন্ড মিঙ্গল এলএলসির কাছ থেকে।
বাকি দুটি অক্টোবরের জন্য কেনা হবে টোটাল এনার্জিস ও ভিটল এশিয়ার কাছ থেকে।
এ ছাড়া অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত টোটাল এনার্জিসের কাছ থেকে মাসে দুটি করে মোট ১৮ কার্গো এলএনজি সরাসরি কেনার সিদ্ধান্তও নিয়েছে সরকার।
কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির চারটি প্রস্তাবে সায় দিয়েছে এদিনের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এতে সরকারের মোট ব্যয় হবে ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা।
এর মধ্যে কানাডা থেকে ৮০ হাজার টন এবং রাশিয়া থেকে ৩৫ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আনা হবে। আর সৌদি আরব থেকে আমদানি করা হবে ৪০ হাজার টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার।
এছাড়াও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন মিলেছে।
স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে এই ডাল ক্রয়ে মোট ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকায় তিনি অনলাইনে যুক্ত হন।
শাহরিয়ার কবির: রাজনৈতিক পরিচয়ের ফৌজদারি পুনর্লিখন
আইফোন, ভোগবাদ ও সামাজিক অবক্ষয়: অপ্রতিমের হত্যাকারী কে?
রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান হয়ে ওঠার ব্যর্থতা
জার্মান রাজনীতিতে অতিডান ও অতিবামের উত্থান: ইউরোপের জন্য কি সতর্কবার্তা?