রাজশাহী, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নে নির্বাচিত বিভাগসমূহকে প্রয়োজনীয় উপকরণাদি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপকরণাদি প্রদান করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
এ সময় ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, সংশ্লিষ্ট বিভাগসমূহের সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কোডিং পদ্ধতি চালুর প্রথম পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় তা প্রয়োগ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল বিভাগে এই পদ্ধতি অনুসরণ করা হবে।