1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে সাজ সাজ রব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে তার দ্বিতীয় সফর হচ্ছে সিলেটে। এক দিনের সফরে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেটবাসী। সিলেট সার্কিট হাউসে পৌঁছানোর পর তাকে দেওয়া হবে গার্ড অব অনার।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটে চলছে সাজ সাজ রব। তৈরি হয়েছে নতুন নাগরিক প্রত্যাশাও। নগরীকে পরিচ্ছন্ন করতে দিনরাত কাজ করেছেন সিটি করপোরেশনের কর্মীরা। সড়কের পাশে বিভিন্ন স্থাপনা ধুয়ে-মুছে নতুন রঙ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তাব্যবস্থা।

সার্কিট হাউসে বিশ্রাম শেষে সিলেটে দুই ওলি হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে যোগ দেবেন নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নগরবাসী। নগরীকে পরিচ্ছন্ন করতে সিটির কর্মীরা দিনরাত কাজ করেছেন। এছাড়া নগর ভবন প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি হবে অরাজনৈতিক।

রাষ্ট্রপতির সিলেট সফরকে ঘিরে তৈরি হয়েছে নতুন জনপ্রত্যাশাও। সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগব্যবস্থা অত্যন্ত নাজুক। ধীরগতির উন্নয়নকাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দশা একেবারে বেহাল। গাড়িই ঠিকমতো চলে না। সিলেটের জীর্ণ রেলপথে কোনোরকমে রেল চলাচল করছে। এই অবস্থায় রাষ্ট্রপতির আগমনে সিলেটের যোগাযোগব্যবস্থা, বিশেষ করে সড়ক ও রেলপথের দুর্ভোগ দ্রুত দূর হবে বলে আশা রাখি।

ইশতিয়াক আহমেদ সিদ্দিকী আরও বলেন, আমাদের বর্তমান রাষ্ট্রপতি মাজারভক্ত মানুষ। এর আগেও তিনি সিলেটে একাধিকবার রাজনৈতিক ও ব্যক্তিগত সফরে দুই ওলির মাজার জিয়ারত করেছেন। এবারও মূলত মাজার জিয়ারতের জন্য আসছেন। তবে রাষ্ট্রপতির আগমনে সিলেটবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে।

জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ বলেন, নির্লোভ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জন্য বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব মানুষের কাছেই প্রিয়। সিলেটের বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনসাধারণ রাষ্ট্রপতির আগমনে অত্যন্ত আনন্দিত। সবার পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হবে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত রাষ্ট্রপতির সিলেট সফরে আমরা আহ্লাদিত। বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন শৃঙ্খলা বজায় রাখে। নিরাপত্তার অতিরিক্ত বাড়াবাড়ি করে আমরা জনগণকে দুর্ভোগে ফেলতে চাই না। জনবান্ধব দল ও সরকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো রাষ্ট্রপতির সিলেট সফরেও জনদুর্ভোগ এড়াতে আমরা সচেষ্ট থাকব।

সোমবার হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় সার্বিক নিরাপত্তার খোঁজ নেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি বলেন, মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট মহানগরী। রাষ্ট্রপতির সফরকালে সিলেট মহানগর পুলিশের ১ হাজার ২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া কাজ করবে বিশেষায়িত চারটি টিম। এর মধ্যে রয়েছে সিআরটি, বোমা ডিসপোজাল, ড্রোন ও স্ট্রাইকিং টিম। গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ১০৮টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবেন ২ হাজার ট্রাফিক পুলিশ। র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ