নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের একটিতেও এই পেসারকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে তোলপাড়।
মোহাম্মেদ সিরাজ (বাঁয়ে) ও সৌরভ গাঙ্গুলি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক ও রয়টার্স
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
নিউ জিল্যান্ড সফরে ওয়েলিংটনের পর ক্রাইস্টচার্চ টেস্টেও মোহাম্মেদ সিরাজকে একাদশে না রাখা নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে নানা আলোচনা-সমালোচনা। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, তিনি ম্যানেজমেন্টের অংশ হলে অভিজ্ঞ পেসারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতেন না।
গুরুত্বপূর্ণ এই সময়ে বোলিং লাইনআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার চেয়ে ম্যাচ জয়কে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন সৌরভ। ‘এবিপি ইনফোকম’কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বোর্ড প্রধান বলেন, সিরাজকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়নি দেখে তিনি বেশ অবাক হয়েছিলেন।
সৌরভের ধারণা, ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভির হয়তো তরুণ বোলারদের গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছেন, কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত ম্যাচ জয়।
“দলে কে কে আছে, তা দেখার জন্য আমি রাত ৩টায় ঘুম থেকে উঠেছিলাম। সিরাজকে দলে না দেখে আমি অবাক হই। (জাসপ্রিত) বুমরাহর বয়স বাড়ছে, তাই গাম্ভির হয়তো তরুণ বোলারদের দিকে নজর দিতে চায় এবং ভবিষ্যতের জন্য কাকে তৈরি করা যায়, তা খুঁজে বের করতে চায়। কিন্তু আমি বিশ্বাস করি, এই ধরনের পরিস্থিতিতে একজন কোচের আসল পরীক্ষা হলো ম্যাচ জেতা।”
সৌরভ বিশেষভাবে প্রশ্ন তোলেন সিরাজের মতো অভিজ্ঞ বোলারের পরিবর্তে আনশুল কাম্বোজকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে। তার মতে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহার করা উচিত নয়। সিরাজের চেয়ে কাম্বোজ ভালো পছন্দ, এই ধারণাটি তিনি মেনে নেবেন কি না জানতে চাওয়া হলে দৃঢ়ভাবে এর বিরোধিতা করেন সৌরভ। তিনি বলেন, গাম্ভির হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কাম্বোজের প্রস্তুতি যাচাই করছেন, কিন্তু এই ধরনের পরীক্ষার জন্য সময়টা উপযুক্ত নয়।
অধিনায়ক হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে সৌরভ ২০০৩ সালের অস্ট্রেলিয়া সফরের কথা স্মরণ করেন, যেখানে আনিল কুম্বলের পরিবর্তে মুরালি কার্তিককে দলে নেওয়ার জন্য তার ওপর চাপ ছিল। তিনি সেই পরামর্শ উপেক্ষা করে কুম্বলকেই দলে রাখেন এবং শেষ পর্যন্ত সেই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি হন কুম্বলে।
“দল নির্বাচন অন্য কারো পরামর্শের ভিত্তিতে হওয়া উচিত, এই ধারণা আমি কখনোই মেনে নেব না।”
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি সিরাজ। ছবি: রয়টার্স
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি সিরাজ। ১১ ম্যাচে তার শিকার ৪৩ উইকেট। নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই তাকে একাদশে না রাখাটা তাই ক্রিকেট বিশ্লেষক এবং সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সৌরভের আগে ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক ও সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফও টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।
দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় হেলমেটে আঘাত পেয়ে পেসার আকাশ দিপ ছিটকে যাওয়ার পর বিতর্কটি আরও তীব্র হয়। সিরাজ খেলার জন্য ফিট থাকার পরও, আকাশের কনকাশন বদলি হিসেবে ভারত দলে নেয় প্রাসিধ কৃষ্ণাকে।
এই সিদ্ধান্তটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাবেক স্পিনার রাভিচান্দ্রান অশ্বিন এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, সিরিজে আগে খেলেছে এমন কাউকে বেছে নেওয়াই ভালো সিদ্ধান্ত।
অন্যদিকে, ধারাভাষ্যকার হার্শা ভোগলে প্রশ্ন তুলেছেন সিরাজকে বাদ দেওয়ার পেছনের যুক্তি নিয়ে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এক্ষেত্রে অন্তর্নিহিত কোনো সমস্যা থাকতে পারে।
আরেক ধারাভাষ্যকার ও কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার মত দেন যে, আকাশের কনকাশন বদলি হিসেবে সিরাজকে নেওয়া উচিত ছিল।
এই সিদ্ধান্ত নিয়ে টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তোলেন সাবেক ব্যাটসম্যান আকাশ চোপড়াও।
প্রধানমন্ত্রীর ‘ঢাকার বায়ুদূষণ নিয়ে লজ্জা’ কমাবে ছাদবাগান-বাধ্যবাধকতা
মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে
পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র