1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সারা দেশে শুষ্ক আবহাওয়ার আভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি সম্প্রসারণ হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দুর্ভোগে হাজারো যাত্রী ‘কিং’ সিনেমায় যুক্তি খুঁজবেন না, সাফ জানিয়ে দিলেন শাহরুখ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ডিজিটাল অগ্রগতিতে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ, বড় বাধা দক্ষতা ও ব্যয়: এডিবি

মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

একসময় এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। এরপর দীর্ঘদিন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিকে নিজের পরিচয়ের অংশ করে নিয়েছিলেন লিওনেল মেসি। দুই কিংবদন্তির বিদায়ের পর এখন সেই জার্সির নতুন উত্তরসূরি খুঁজছে আর্জেন্টিনা। কিন্তু কার্লোস তেভেজের মতে, এত তাড়াহুড়ার প্রয়োজন নেই। বরং কিছুদিন ১০ নম্বর জার্সিটি কাউকে না দেওয়ার পক্ষে সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের পর থেকেই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি নিয়ে আলোচনা চলছে। নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর মতো তরুণ ফুটবলারদের নামও উঠে আসছে সম্ভাব্য দাবিদার হিসেবে। তবে এখনো কাউকে জার্সিটি দেওয়ার সিদ্ধান্ত নেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে বিষয়টি নিয়ে ভাবার যথেষ্ট সময় রয়েছে। তার এই অবস্থানের সঙ্গে একমত তেভেজও। আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান এস্তুডিও ফুটবলে মেসির উত্তরসূরি নিয়ে প্রশ্ন করা হলে তেভেজ বলেন, ‘আমি আরও কিছুদিন অপেক্ষা করতাম। এই মুহূর্তে কাউকেই ১০ নম্বর জার্সি দিতাম না।’

তেভেজের কাছে এই জার্সির গুরুত্ব শুধু একটি সংখ্যায় সীমাবদ্ধ নয়। তার মতে, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নামের সঙ্গে জড়িয়ে থাকায় জার্সিটি বিশেষ মর্যাদা পাওয়ার দাবি রাখে। তিনি বলেন, ‘এই জার্সিটা বিশ্ব ফুটবলের একটা প্রতীক হয়ে থাকা উচিত। বিশেষ করে আমাদের জন্য তো আরও বেশি। কারণ, এই জার্সি পরে খেলেছেন দিয়েগো (ম্যারাডোনা) ও মেসি।’

তাই নতুন কাউকে জার্সিটি দেওয়ার আগে কিছুদিন সেটি আলাদা করে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস ফরোয়ার্ড। তেভেজ বলেন, ‘আমার মনে হয়, কিছুদিন জার্সিটা আলাদা করে রাখা উচিত। যাতে ভবিষ্যতে যে এটি পরবে, সে বুঝতে পারে জার্সিটি কতটা মূল্যবান। শুধু তার নিজের জন্য নয়, সব আর্জেন্টাইনের কাছেই এর গুরুত্ব কতটা।’

এরপর নিজের ভাবনাকে আরও পরিষ্কার করেন তিনি, ‘যতক্ষণ না এমন কেউ উঠে আসে, যার ১০ নম্বর জার্সি পরার যোগ্যতা আছে, ততক্ষণ অপেক্ষা করা উচিত। একটু সময় দিন, জার্সিটির মূল্য আরও বাড়তে দিন। তারপর দেখা যাবে, কে এটি পরার যোগ্য।’

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘদিন খেলেছেন তেভেজও। জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। জিতেছেন ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে সোনার পদক। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার। তাই আর্জেন্টিনার হয়ে খেলার চাপ এবং প্রত্যাশা সম্পর্কে ভালোভাবেই জানেন ৪২ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড।

তেভেজ বলেন, ‘আমরা এখনই কাউকে দিয়ে সেই জায়গাটা পূরণ করতে চাইছি। যেন জাতীয় দলের জন্য আরেকজন ১০ নম্বর, আরেকজন মেসি কিংবা আরেকজন দিয়েগো প্রয়োজন। আমরা সব সময় এভাবেই ভাবি। কিন্তু বিষয়টা তা নয়।’

নতুন প্রজন্মকে সময় দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এটা একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে সম্মান করতে হবে। প্রথমে মেসির প্রতি সম্মান দেখাতে হবে। তারপর যে আসবে, তাকেও সময় দিতে হবে, যাতে সে বুঝতে পারে দলের ভালোর জন্য এই জার্সি পরার দায়িত্ব কতটা বড়।’

তেভেজের বক্তব্যে তাই শুধু জার্সিটির ঐতিহাসিক মর্যাদাই নয়, ভবিষ্যৎ উত্তরসূরির ওপর প্রত্যাশার চাপ নিয়েও উদ্বেগ প্রকাশ পেয়েছে। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাওয়া মানেই ম্যারাডোনা ও মেসির সঙ্গে তুলনার মুখে পড়া। অথচ একজন তরুণ ফুটবলারের জন্য এমন প্রত্যাশা সামলানো সহজ নয়।

তেভেজের ভাষায়, ‘তুমি যদি জানো কীভাবে এই জার্সির মর্যাদা ধরে রাখতে হয়, তাহলে দারুণ কিছু করতে পারবে। আর যদি না পারো, সেটিও বোঝা যাবে। আমার মনে হয়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া।’

আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ খেলবেন তেভেজ। সেখানে উপস্থিত থাকার কথা ফুটবল বিশ্বের বেশ কয়েকজন তারকার। নিজের সেই বিদায়ী আয়োজনের আগে আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সাবেক এই ফুটবলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ