বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ছন্দে রয়েছে সিটি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। আজ সিটি ক্লাব ৩-২ গোলে হারায় পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে। লিগে তাদের টানা দ্বিতীয় জয় এটি। এর আগের ম্যাচে আরামবাগকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। এ নিয়ে লিগে ৬ ম্যাচ খেলে সিটি ক্লাবের অর্জন ১৩ পয়েন্ট। টেবিলে তিন নম্বরে রয়েছে তারা। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাদার্সও। গতকাল চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে তারা। এর আগের ম্যাচে আবাহনীকে হারিয়েছিল তারা। ৬ ম্যচে তাদের অর্জন ৮ পয়েন্ট। টেবিলে ছয় নম্বরে দলটি।
মুন্সীগঞ্জের মাঠে চট্টগ্রাম সিটির বিপক্ষে ব্রাদার্সের দারুণ জয়ের নায়ক শাহেদ আলি রেজা। ৫১ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেন পাকিস্তানি এই ফরোয়ার্ড। ব্রাদার্সের পক্ষে অপর গোলটি করেন নাবিল খন্দকার (৯৫+৫ মিনিটে)। চট্টগ্রাম সিটির জাফর ইকবাল একটি গোল শোধ দেন। অন্যদিকে, গাজীপুরের মাঠে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পায় সিটি ক্লাব। নির্ধারিত সময়ে স্কোর লাইন ২-২ ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিটে) ডিফেন্ডার তানভীর হোসেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি ক্লাব। এর আগে তাদের পক্ষে ১০ মিনিটে সাজেদ হোসেন ও ৩৭ মিনিটে গোল করেন সলোমন কিং। পিডব্লিউডির হয়ে ৭৭ মিনিটে গোল করেন ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োহান। অপর গোলটি আসে জার্মানির ডিফেন্ডার ফ্লয়েডিয়েন রুশেলভির পা থেকে। আগামী ৪ ও ৫ ডিসেম্বর লিগের সপ্তম রাউন্ডের খেলা মাঠে গড়াবে।