দীর্ঘ ২১ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ার। ব্যাট হাতে ধারাবাহিকতা, উইকেটের পেছনে নির্ভরতা আর নেতৃত্বে নানা অর্জন— সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের অবস্থান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশফিকুর রহিম। দীর্ঘ পথচলায় একের পর এক রেকর্ডও গড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু কীর্তি মুশফিকের দখলে। এই সংস্করণ থেকে বিদায়ের বিষয়টি নিশ্চিত হওয়ার ক্ষণে তার অর্জনের খাতা খুললে সামনে আসে নানা পরিসংখ্যান ও স্মরণীয় অধ্যায়।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড মুশফিকের। দীর্ঘ ক্যারিয়ারে ১০৮টি ম্যাচ খেলেছেন তিনি। ৮৪ টেস্ট নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুমিনুল হক।
রানের হিসাবেও সবার ওপরে মুশফিক। ১০৮ টেস্টে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। বাংলাদেশের হয়ে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়া প্রথম ব্যাটারও তিনি। তার ধারেকাছে নেই আর কেউ। দুইয়ে থাকা মুমিনুলের রান ৫ হাজার ৩১২।
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির মালিক মুশফিক। ১৩টি শতক নিয়ে তার পরেই রয়েছেন মুমিনুল।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ানও মুশফিক। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ২০০ রানের ইনিংস খেলে এই ইতিহাস গড়েন তিনি। সব মিলিয়ে টেস্টে তার ডাবল সেঞ্চুরি তিনটি, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। একাধিক ডাবল সেঞ্চুরি নেই আর কারও।
উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ডেও বিশেষ জায়গা করে নিয়েছেন মুশফিক। টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরি করা নয়জন উইকেটরক্ষক-ব্যাটারের মধ্যে একাধিকবার এই কীর্তি গড়েছেন শুধু তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেন।
টেস্টে বাংলাদেশকে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার অধিনায়কত্বে সাতটি জয় ও নয়টি ড্র পেয়েছে দল। একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি অধিনায়কদের মধ্যে তার পরাজয়ের হারই (৫২.৯৪) সবচেয়ে কম। পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ডে তাকে ছাড়িয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত (নয়টি)।
ব্যক্তিগত মাইলফলককেও স্মরণীয় করে রাখার নজির রয়েছে মুশফিকের। গত বছরের নভেম্বরে নিজের শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। টেস্ট ইতিহাসে শততম ম্যাচে সেঞ্চুরি করা ১১তম ক্রিকেটার হিসেবে নাম লেখান বাংলাদেশের এই ব্যাটার।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও শীর্ষে
শুধু টেস্ট নয়, তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের। তার ম্যাচসংখ্যা ৪৮৪। এই তালিকায় দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। তার ম্যাচ ৪৪৭টি। ৪৩০ ম্যাচ নিয়ে তৃতীয় মাহমুদউল্লাহ।
রানের হিসাবেও বাংলাদেশের ইতিহাসে শীর্ষে মুশফিক। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ১৬ হাজার ৩৫৭ রান। ১৫ হাজারের বেশি রান করতে পেরেছেন বাংলাদেশের আর একজনই— তামিম ইকবাল। তার রান ১৫ হাজার ১৯২।
মুশফিকের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্ট। সেখানে সাকিবের সঙ্গে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের বিশাল জুটি গড়েন তিনি। টেস্টে বাংলাদেশের হয়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রানের জুটি।
২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ জোহানেসবার্গ টেস্ট পর্যন্ত এই সংস্করণে দীর্ঘ ২১ বছর ১৭৭ দিনের পথচলা বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের।
প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে টেস্ট ক্যারিয়ারের দৈর্ঘ্যের হিসাবে মুশফিকের চেয়ে এগিয়ে রয়েছেন মাত্র ১৩ জন ক্রিকেটার। আর চলতি শতকে মুশফিকের চেয়ে বেশি সময় টেস্ট ক্রিকেটে খেলেছেন মাত্র দুজন— জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর (২২ বছর ১৯৫ দিন) ও গ্রায়েম ক্রিমার (২১ বছর ৩১৫ দিন)।