অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে গত ২৬ মার্চ হয় গ্রন্থটির প্রথম প্রকাশনা উৎসব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিশ্বের বিভিন্ন শহরে প্রকাশনা উৎসবের পর ঢাকায় আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হয়েছে 'রফিক আজম: ওল্ড ঢাকা-নিউ স্টোরি' গ্রন্থের।
স্থপতি রফিক আজমের লেখা গ্রন্থটি প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা রিজোলি নিউ ইয়র্ক। শনিবার বিকালে ঢাকার আগা খান একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন হয়। গত ২৬ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে হয় প্রথম প্রকাশনা উৎসব।
এর আগে শুক্রবার শুরু হয় ‘রফিক আজম: পুরান ঢাকার নতুন গল্প’ শিরোনামে দুই দিনের সেমিনার। স্থাপত্য নিয়ে করা এ সেমিনারে বিভিন্ন দেশের স্থপতি, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরাও অংশগ্রহণ করেন।
বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান শুরু হয় 'কানেক্টিং ক্রিয়েটিভিটি' শীর্ষক নৃত্যনাট্যের মাধ্যমে।
অনুষ্ঠানে নিজের স্থাপত্যভাবনা ও পুরান ঢাকা নিয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে রফিক আজম বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ এবং এ দেশের মূল ভূমি আসলে পানি। কিন্তু পানির প্রকৃতিকে না বুঝে পানির বিরুদ্ধে গিয়ে সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের মতো অবকাঠামো গড়ে তোলায় নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
লালন ফকিরের বাণীর কথা টেনে তিনি বলেন, “দেহ যেমন একটি খাঁচা, আর মন তার ভেতর অবাধে বিচরণ করে, স্থাপত্যও তেমনই কেবল একটি আবরণ, যার মধ্য দিয়ে বৃষ্টি, রোদ, বাতাস ও প্রকৃতি অবাধে প্রবাহিত হবে।”
ভুটানে বাংলাদেশ দূতাবাসের নকশায় কাচের দেয়াল ব্যবহারের উদাহরণ টেনে তিনি বলেন, দেয়াল সরিয়ে ও স্বচ্ছতা ফিরিয়ে এনেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক পুনর্গঠন সম্ভব।
অনুষ্ঠানে কথা বলেন ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি বাংলাদেশকে 'ভবিষ্যৎ স্থাপত্যের আদর্শ গবেষণাগার' হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা, তাপদাহ, জনঘনত্ব ও যানজটের মতো যেসব চ্যালেঞ্জ বাংলাদেশের স্থপতিরা এখন মোকাবিলা করছেন, ইউরোপ ও ইতালিকেও অচিরেই সেসবের মুখোমুখি হতে হবে। ফলে ঢাকার স্থাপত্য-অভিজ্ঞতা ও রফিক আজমের কাজ থেকে ইউরোপের শেখার অনেক কিছু রয়েছে।”
ভারতের হাই কমিশনার দিনেশ ত্রিবেদী বলেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় কূটনৈতিক সম্পর্কের চেয়েও 'স্বচ্ছ সম্পর্ক' বেশি জরুরি।
আধুনিক শহরের মানুষ অবিশ্বাস থেকে কাঁটাতার ও দেয়াল তুলে নিজেদের জন্য ‘কারাগার’ তৈরি করছে মন্তব্য করে তিনি ঢাকার সবুজ ও জলাশয়গুলো টিকিয়ে রাখার ওপর গুরুত্ব দেন।
রফিক আজমের গ্রন্থটিকে ‘জ্ঞানের বিশ্বকোষ’ আখ্যা দিয়ে বাংলাদেশের স্থাপত্য থেকে ভারতের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থপতি শামসুল ওয়ারেস, আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়ার (আর্কেশিয়া) সভাপতি তুষার সোগানি, স্থপতি জান্নাত জুঁই ও গ্লোবাল কোঅর্ডিনেটর স্থপতি ফরহাদুর রেজা বক্তব্য দেন।
অনুষ্ঠানে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘বিটুইন আর্থ অ্যান্ড লাইট’ শিরোনামে প্রামাণ্যচিত্র দেখানো হয়।
অনুষ্ঠানে বইয়ের সম্পাদক রোজা মারিয়া ফালভো, শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ বিজনেস অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং) আবুল কাশেম মোহাম্মদ সাদেক নওয়াজ এবং স্থপতি জালাল আহমেদ উপস্থিত ছিলেন।
মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে
পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র
সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?
বাংলাদেশের ইতিহাসের মালিকানা দিল্লি কিংবা ইসলামাবাদের নয়