1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে আনা একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ।

‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি গত ১৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করে মেক্সিকো। পরে কমিটি প্রস্তাবটি গ্রহণ করে।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, গণ-অভ্যুত্থানের আগে বাংলাদেশ প্রতিবছরই এ ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিত।

ওই কর্মকর্তা বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মানবাধিকার রক্ষার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ এ প্রস্তাবে ভোটদানে বিরত থাকছে। তবে দেশে এখনো মৃত্যুদণ্ডের বিধান থাকায় প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি বাংলাদেশ।’

প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরব।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর যুক্তি, এ ধরনের প্রস্তাব জাতীয় সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, নিজস্ব আইন ও বিচারব্যবস্থা নির্ধারণের অধিকার প্রতিটি দেশের রয়েছে।

মৃত্যুদণ্ডের বিধান থাকবে কি না, সেই সিদ্ধান্তও দেশের নিজস্ব বিষয় বলে মনে করে তারা।

বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের ব্যবহার অব্যাহত থাকায় প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে একইসঙ্গে আন্তর্জাতিক আইন মেনে নিজস্ব আইন ও শাস্তির বিধান নির্ধারণে প্রতিটি দেশের সার্বভৌম অধিকার স্বীকার করা হয়েছে।

প্রস্তাবে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর লক্ষ্য, একপর্যায়ে এই শাস্তি পুরোপুরি বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের আবার এই শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।

মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার ক্ষেত্রে বিশ্বজুড়ে অগ্রগতির কথাও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। তবে ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ করা ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধ সংঘটনের সময় অভিযুক্তের বয়স ১৮ বছর বা তার বেশি ছিল, তা নিশ্চিতভাবে প্রমাণ করা না গেলেও মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ