আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোরির ওপর তীব্র অসন্তোষ থেকেই এমন কড়া সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
সংস্থাটির বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন মেসি। মেসির আইনজীবীরা নোটিশে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর্জেন্টাইন ফুটবলের স্বার্থসংশ্লিষ্ট নয় এমন কোনো বাণিজ্যিক কাজে বা প্রচারে যেন তার ছবি ব্যবহার করা না হয়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম এ২৪.কমের এক প্রতিবেদনে মেসির এই অসন্তোষের পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো বাণিজ্যিক স্বত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতা।
মেসির ব্যক্তিগত স্পন্সর প্রতিষ্ঠান মিশেলবের সঙ্গে সরাসরি চুক্তি থাকা সত্ত্বেও আর্জেন্টিনার একটি ভিন্ন বিয়ার প্রতিষ্ঠানের প্রচারে তার ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। জানা গেছে, পুরো বিষয়টিই ঘটেছিল মেসির সম্পূর্ণ অজান্তে।
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনকে কেন্দ্র করেও তীব্র বিরোধ তৈরি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপের অভিযোগ, চুক্তি অনুযায়ী প্রতিটি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট মাঠে খেলার কথা থাকলেও সেই শর্ত মানা হয়নি। এই ঘটনায় এএফএ, মেসি ও হুলিয়ান মার্কোস কাপেলানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এ ছাড়া বেনিনের বিপক্ষে মেসির একটি বিদায়ী ম্যাচ আয়োজনের সময়কার অব্যবস্থাপনা নিয়েও ছিল অসন্তুষ্টি। মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের সময় সাউন্ড সিস্টেমের ত্রুটিসহ নানা আয়োজনগত সমস্যা মেসির চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অন্যদিকে, এএফএর আন্তর্জাতিক আয় এবং একটি বিলাসবহুল ইয়ট-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ১২ লাখ ৭০ হাজার ডলারের বেশি অর্থ স্থানান্তর নিয়েও আর্থিক অনিয়মের প্রশ্ন উঠেছে।
সার্বিক এসব ঘটনা ও বিরোধের ফলেই সভাপতি তাপিয়া ও এএফএর মূল নেতৃত্বের সঙ্গে মেসির এই দূরত্ব তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে চলমান এই পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত মেসি কিংবা এএফএ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।