1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় জোহানেসবার্গ টেস্টে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার ফুটবলকে হুয়ান মাতার বিদায় বিশ্বভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনের এক দম্পতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত

ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে লড়াইয়ের ভাবনায় ওয়েঙ্গার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ফিফার প্রধান হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর দীর্ঘদিনের নেতৃত্বে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন আর্সেন ওয়েঙ্গার। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় সংস্থাটির সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এই কিংবদন্তি ফরাসি কোচ। তাকে প্রার্থী হিসেবে দেখতে ইউরোপের শীর্ষস্থানীয় ফুটবল কর্মকর্তাদের আগ্রহও রয়েছে।

বর্তমানে ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে আছেন ৭৭ বছর বয়সী ওয়েঙ্গার। বয়সের কারণে তার দীর্ঘমেয়াদে দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তার ঘনিষ্ঠ সমর্থকদের কয়েকজন জানিয়েছেন, নির্বাচনে জয়ী হওয়ার পর আর্সেনালের সাবেক এই কোচ পূর্ণ চার বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেও তাদের আপত্তি নেই।

২০১৬ সাল থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৬ বছর বয়সী ইনফান্তিনো। তবে এই সুইস নাগরিকের নেতৃত্ব গত কয়েক মাস ধরেই বেশ চাপে রয়েছে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। শেষ পর্যন্ত প্রবল প্রতিবাদের কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য ফিফা। তবে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার ফুটবল প্রশাসকদের মধ্যে এখনো তার উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক রয়েছেন। ইনফান্তিনো নিজেও দাবি করেছেন, বিশ্ব ফুটবলের ‘বিশাল, বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশের’ সমর্থন তার সঙ্গে আছে।

তবে ওয়েঙ্গার নির্বাচনে দাঁড়ালে বাস্তব চিত্র নতুন করে আলোচনায় আসতে পারে। ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পূর্ণ সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। কারণ, ইনফান্তিনোর বিতর্কিত ওই পরিকল্পনার কঠোর বিরোধিতায় উয়েফাই এতদিন অগ্রণী ভূমিকা পালন করেছে। পাশাপাশি বিশ্ব ফুটবলে ওয়েঙ্গারের দীর্ঘ অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা তার প্রার্থিতাকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে।

একসময় ইনফান্তিনোর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত থাকা ওয়েঙ্গার বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়ে বিতর্কিত সেই ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তিনি সেসময় স্পষ্ট করে বলেছিলেন, প্রস্তাবটি তৈরির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না, ‘আমি এই কৌশলগত পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলাম না। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই প্রথমবারের মতো প্রকল্পটি সম্পর্কে জানতে পারি।’

পরিকল্পনাটি বাতিলের সিদ্ধান্তকে সমর্থনও দিয়েছিলেন তিনি, ‘প্রকল্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত একেবারেই প্রয়োজনীয় ছিল এবং এটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। কারণ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিফা হবে একটি স্বাধীন প্রতিষ্ঠান, যা নিষ্ঠা, স্বচ্ছতা ও সততার সঙ্গে আমাদের খেলাটির সেবা করবে।’

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ওয়েঙ্গার। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, ফিফা সভাপতি নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ভাবনাচিন্তা চললেও প্রার্থিতা নিশ্চিত নয়। আগামী ১৮ নভেম্বরের মধ্যে ইনফান্তিনোর বিপক্ষে লড়াইয়ের জন্য আগ্রহী প্রার্থীদের নাম জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে।

এরই মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনোর স্বদেশি র‍্যামন ভেগা। তিনি টটেনহাম হটস্পার ও সুইজারল্যান্ড জাতীয় দলের সাবেক ডিফেন্ডার। গত অক্টোবরেই নিজের প্রার্থিতার কথা জানান তিনি। এছাড়া, জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

ইনফান্তিনোর বিপক্ষে ওয়েঙ্গার শেষ পর্যন্ত প্রার্থী হন কি না, সেটিই এখন বিশ্ব ফুটবলের আলোচনার অন্যতম বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ