চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
ফলে এখন থেকে চিকিৎসার জন্য জনপ্রতি ৩০ হাজার ডলার দেশের বাইরে খরচ করতে পারবেন বাংলাদেশিরা।
এর আগে, এই খরচের সীমা ১৫ হাজার ডলার ছিল। এর বেশি ডলার দেশের বাইরে নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগতো।
এদিকে, একই প্রজ্ঞাপনে বিদেশে শিক্ষা খরচ নেওয়ার নিয়ম শিথিল করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার খরচের জন্য ডলার নিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। পাশাপাশি পেশাগত কোর্সের খরচের জন্য ডলার নিতে পূর্বানুমোদন লাগবে না।
সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য এডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে। এ জন্য আগে নির্ধারিত ১৫ হাজার ডলারের সীমা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে। বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার ক্ষেত্রে আগে বৈদেশিক মুদ্রা ছাড় করতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন প্রয়োজন হতো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করে এডি ব্যাংকগুলো নিজেরাই প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। ফলে এসব পর্যায়ে পড়াশোনার জন্য বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হবে।
এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো।
অন্যদিকে আরএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমার ক্ষেত্রে শর্ত আরও নির্দিষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আবাসিক বাংলাদেশিরা বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা কেবল তখনই আরএফসিডি হিসাবে জমা করতে পারবেন, যদি তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা করা হয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে আরএফসিডি হিসাবে অর্থ জমার ক্ষেত্রে এ শর্ত নির্ধারণ করা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত বিধিবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।