দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিং করাকে কেন্দ্র করে কৃষি অনুষদ ও ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ই নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদ হল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্ট শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে কৃষি অনুষদ বনাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের মধ্যকার টুর্নামেন্টের খেলায় বিজয়ী হয় কৃষি অনুষদ। খেলা শেষে মাঠের একপাশে কৃষি অনুষদের শিক্ষার্থীরা বিজয় উদযাপন করছিল এবং মাঠের অপরপাশে ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা দাঁড়িয়ে ছিলেন। এ সময় কৃষি অনুষদের এক শিক্ষার্থী পরাজিত অনুষদের শিক্ষার্থীদের লক্ষ্য করে স্লেজিং এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সংঘর্ষের এক পর্যায়ে কৃষি অনুষদের শিক্ষার্থীদের বিরুদ্ধে ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের কয়েকজনকে শিক্ষার্থীকে কোমরের বেল্ট খুলে পেটানোর অভিযোগ করেছেন তারা।
সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম বলেন,আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।