বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বুলবুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।
নতুন দায়িত্বে ফ্র্যাঞ্চাইজিটির বিভিন্ন হাই পারফরম্যান্স সেন্টারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম তদারকি করবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত কোচিং পদ্ধতি এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন তিনি।
লাহোর কালান্দার্সের লক্ষ্য তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার ও উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করা। একই সঙ্গে শিগগিরই বাংলাদেশে নিজেদের ক্রিকেটীয় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। এসব উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে বুলবুলের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় তারা।
ক্রিকেটার হিসেবে পরিচিতি পাওয়ার পর প্রশাসক হিসেবেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন আমিনুল ইসলাম বুলবুল।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ এক দশক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
উল্লেখ্য, ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্বের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট উন্নয়নে যুক্ত হচ্ছেন তিনি।