1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় জোহানেসবার্গ টেস্টে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার ফুটবলকে হুয়ান মাতার বিদায় বিশ্বভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনের এক দম্পতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমাদের যেভাবে চাপে রাখলেন শি ও পুতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের আগে বাণিজ্যে সুরক্ষাবাদী নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি নগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে তারা এসব কথা বলেন। এর আগে আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক করতে ফিলিপাইনের ম্যানিলায় ছিলেন ট্রাম্প। সেখান থেকে তার চীনে পৌঁছানোর কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় থাকতে পারে।

এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়ন নিজেদের প্রভাববলয় নির্ধারণ করেছিল। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিশ্বব্যবস্থা গড়ে ওঠার পথ তৈরি হয়। ছোট দেশগুলোর ওপর বড় শক্তিগুলোর চাপিয়ে দেওয়া সমঝোতা বোঝাতেও ‘ইয়াল্টা’ শব্দটি ব্যবহৃত হয়।

এই বৈঠক নিয়ে ছোট অর্থনীতির দেশগুলোর নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার দেশগুলো আশঙ্কা করছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশগুলো তাদের স্বার্থ উপেক্ষা করতে পারে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে শি ‘মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য’ সমর্থনের আহ্বান জানান। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়েছে এবং পররাষ্ট্রনীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে। এই অবস্থায় চীনকে বৈশ্বিক অঙ্গনে একটি স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন শি। অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্র চীনের প্রধান প্রতিপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি উন্নত এআই চিপ চীনে সরবরাহের ওপর যুক্তরাষ্ট্র আরও বিধিনিষেধ আরোপের ঘোষণা দেওয়ার পর শি এসব কথা বলেন। এই বিধিনিষেধ বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের ভঙ্গুর বাণিজ্যিক সমঝোতাকে আরও জটিল করে তুলতে পারে। চীনও এর পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশে শি বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা দৃঢ়ভাবে বজায় রাখতে হবে। মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগে সমর্থন দিতে হবে। একইসঙ্গে বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে হবে।’

পশ্চিমা বাণিজ্য অংশীদাররা চীনের অর্থনৈতিক নীতির সমালোচনা করেছে। তাদের অভিযোগ, নিজেদের শিল্প খাতকে সুবিধা দিতে নেওয়া নীতির কারণে চীন প্রতিবছর এক লাখ কোটি ডলারের বেশি বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করছে। এতে চীনের নিজস্ব ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বেইজিংয়ের বক্তব্য, বিশ্বের ধনী অর্থনীতিগুলোর সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে থাকা একটি দেশের জন্য তাদের প্রবৃদ্ধির মডেল উপযুক্ত। তবে ওয়াশিংটন, ব্রাসেলসসহ অন্য পক্ষগুলো চীনের সরবরাহব্যবস্থার আধিপত্য নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে, এই আধিপত্য চীনকে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে। চীনের এসব নীতির কারণে অন্য দেশের শিল্প ও কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে বলেও তারা মনে করে।

শি বলেন, চীন তার শিল্প খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে। দেশটি এমন নতুন প্রযুক্তি তৈরি করবে, যা অন্য দেশগুলোরও উপকারে আসবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি শুল্ক কমাবে এবং নিজেদের বাজার আরও উন্মুক্ত করবে। একইসঙ্গে সুরক্ষাবাদ ও একতরফা নীতির বিরুদ্ধেও অবস্থান নেবে চীন।

এশিয়া গ্রুপের অংশীদার ও ডিজিটাল বিভাগপ্রধান জর্জ চেন বলেন, ‘শির এই বার্তা বৈশ্বিক দক্ষিণের অনেক দেশের কাছে গ্রহণযোগ্য হতে পারে। এটি ওয়াশিংটনের প্রযুক্তি কৌশলের বিপরীতে বেইজিংয়ের নিজস্ব কৌশল তুলে ধরার প্রচেষ্টাকে আরও জোরালো করবে।’

রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর এটি ট্রাম্পের প্রথম এশিয়া সফর। এর মধ্যে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং ও চীনা গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে ঘিরে ওঠা অভিযোগ উত্তেজনা আরও বাড়িয়েছে।

তবে অধিকাংশ বিশ্লেষক মনে করছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক মোটামুটি স্থিতিশীল থাকবে। বৃহস্পতিবার শেনজেনে বৈঠকের পর ডিসেম্বরে মায়ামিতে জি-২০ সম্মেলনেও তাদের দেখা হওয়ার কথা রয়েছে। এটি হবে চলতি বছরে শি ও ট্রাম্পের চতুর্থ বৈঠক।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সড়কসেতু ধ্বংস হওয়ার পর বক্তব্য দেন পুতিন। চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে এটি রাশিয়ার জন্য বড় ধাক্কা। শির পর মঞ্চে উঠে পুতিন পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ হিসেবে বর্ণনা করেন।

পুতিন বলেন, ইউরোপ ‘অপমানজনক পতনের’ দিকে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটির ওপর আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞা উল্টো ফল দিয়েছে। এসব নিষেধাজ্ঞা রাশিয়াকে দুর্বল করার বদলে আরও শক্তিশালী করেছে।

পুতিন বলেন, ‘অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অর্থনৈতিক আধিপত্য ও কার্যত জবরদস্তি করার প্রচলিত কৌশলগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। এগুলোর ভীতি সৃষ্টির ক্ষমতাও অনেক কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি বিধিনিষেধ এখনো কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তবে এগুলো প্রবৃদ্ধি থামাতে পারে না। প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনীতি ধ্বংস করা তো আরও দূরের কথা।’

পরে দ্বিপক্ষীয় বৈঠকে শি ও পুতিন একে অপরের সঙ্গে অংশীদারত্বের প্রশংসা করেন। তাদের ভাষ্য, আন্তর্জাতিক অঙ্গনে এই অংশীদারত্ব ‘স্থিতিশীল ও ইতিবাচকভাবে’ কাজ করছে। ‘বহুমেরুর বিশ্ব’ প্রতিষ্ঠায় সহায়ক আরও পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেন তারা।

এদিকে ম্যানিলায় ট্রাম্প ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ভূখণ্ড নিয়ে বেইজিংয়ের সঙ্গে ম্যানিলার উত্তেজনা বাড়ছে। এর আগে চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও বলেছিলেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি।

ইয়াল্টা সম্মেলনের সঙ্গে বর্তমান বৈঠকের তুলনাকে এ সপ্তাহে ‘রাজনৈতিক বিজ্ঞানীদের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।

তবে তারা বলেছে, এই বৈঠক বৈশ্বিক বিষয়ে বড় প্রভাব ফেলবে। বেইজিংয়ের বক্তব্য, ত্রিপক্ষীয় এই বৈঠক বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

মঙ্গলবার তাইওয়ান ও জাপান তাদের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশের অভিযোগ তোলে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পুতিন বিশ্বকে ‘অস্থির’ হিসেবে বর্ণনা করেন। তবে আলোচনার টেবিলে বসে দেশগুলোর মধ্যে মতবিরোধের সমাধান করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এ কারণে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক থেকে আমি বড় ধরনের সুফল পাওয়ার সম্ভাবনা দেখছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ