মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠকের আগে বিদেশি পণ্যের ওপর বাণিজ্যিক বাধা আরোপের নীতি বা 'ট্রেড প্রটেকশনিজম' (বাণিজ্য সুরক্ষাবাদ)-এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে, পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (১৮ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে দেওয়া ভাষণে দুই নেতা এসব কথা বলেন। পরে শি ও পুতিনের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আঞ্চলিক মিত্রদেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের পাশাপাশি বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
এই বৈঠককে ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রভাব প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতায় পৌঁছান। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার ভিত্তি তৈরি হয়। পরে ইয়াল্টা সম্মেলন ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করে বড় শক্তিগুলোর নিজেদের মধ্যে সমঝোতার প্রতীক হয়ে ওঠে।
আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে ইউরোপ ও এশিয়ার অপেক্ষাকৃত ছোট অর্থনীতির দেশগুলোর নেতাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, বিশ্বের প্রধান সামরিক শক্তিগুলো নিজেদের মধ্যে সমঝোতা করতে গিয়ে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করতে পারে।
এদিকে, সম্মেলনের উদ্বোধনী ভাষণে শি জিনপিং অবাধ বাণিজ্যের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চীনকে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তিনি।
অন্যদিকে, চীনের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন আমদানি শুল্ক বাড়িয়েছে এবং পররাষ্ট্রনীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে।
সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী নেতাদের উদ্দেশে শি জিনপিং বলেন, 'বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে গড়ে ওঠা নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা আমাদের দৃঢ়ভাবে সমর্থন করতে হবে। অবাধ বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বজায় রাখতে হবে। একই সঙ্গে বিশ্বজুড়ে শিল্প উৎপাদন ও পণ্য সরবরাহব্যবস্থা স্থিতিশীল ও সচল রাখতে হবে।'
শি জিনপিং বলেন, চীন তার শিল্প খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নে কাজ করবে। এতে অন্যান্য দেশও উপকৃত হবে।
তিনি আরও বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন আমদানি শুল্ক কমাবে এবং বিদেশি ব্যবসা ও বিনিয়োগের জন্য নিজেদের বাজার আরও উন্মুক্ত করবে। একই সঙ্গে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বিদেশি পণ্যের ওপর বাণিজ্যিক বাধা আরোপ এবং একতরফা পদক্ষেপের বিরোধিতা অব্যাহত রাখবে।
এদিকে, শি জিনপিংয়ের পর মঞ্চে উঠে দেওয়া ভাষণে পুতিন পশ্চিমা শক্তিগুলোকে 'সাবেক আধিপত্যবাদী শক্তি' হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, ইউরোপ 'অপমানজনক অবনতির' মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটির ওপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা উল্টো ফল দিয়েছে। এসব নিষেধাজ্ঞা রাশিয়াকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করেছে বলে দাবি করেন তিনি।
পুতিন বলেন, 'অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অর্থনৈতিক আধিপত্য বিস্তার ও অন্য দেশকে চাপ দিয়ে বাধ্য করার প্রচলিত কৌশলগুলো এখন অনেকটাই কার্যকারিতা হারিয়েছে। এসব কৌশল দিয়ে এখন আর আগের মতো ভয় দেখানো যাচ্ছে না।'
তিনি আরও বলেন, 'নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানিতে বিধিনিষেধ কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তবে এগুলো কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থামাতে পারে না, প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনীতি ধ্বংস করা তো দূরের কথা।'
পরে দ্বিপক্ষীয় বৈঠকে শি জিনপিং ও পুতিন তাদের দুই দেশের অংশীদারত্বের প্রশংসা করেন। আন্তর্জাতিক অঙ্গনে এই সম্পর্ক 'স্থিতিশীল ও ইতিবাচকভাবে' এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা। একই সঙ্গে বিশ্বব্যবস্থায় একক কোনো শক্তির আধিপত্যের পরিবর্তে একাধিক শক্তির প্রভাব প্রতিষ্ঠায় আরও পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন দুই নেতা।
এদিকে, সম্মেলনে যোগ দেওয়ার আগে বুধবার সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরকালে দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন তিনি। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকাগুলো নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তিনি এ ঘোষণা দেন।
এর আগে ট্রাম্প চীন সফরকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে এমন কোনো বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের আসন্ন ত্রিপক্ষীয় বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করার বিষয়টি নাকচ করেছে ক্রেমলিন। এ ধরনের তুলনাকে 'রাজনীতি বিশেষজ্ঞদের খেলা' বলে অভিহিত করলেও ক্রেমলিন জানিয়েছে, বৈঠকটি বিশ্বরাজনীতিতে বড় প্রভাব ফেলবে।
চীনের পক্ষ থেকেও বলা হয়েছে, এই ত্রিপক্ষীয় বৈঠক বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.