কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না পেয়ে রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর তার লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
অভিযুক্ত আবরাদ হাসান সজিব লালমাই কলেজপাড়ার সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন।
স্থানীয় ও পরিবারের সূত্র জানায়, পাঁচ দিন আগে সজিব লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গিয়ে রেদোয়ান হোসেনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রেদোয়ান। ছেলের কোনো খোঁজ না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রেদোয়ানের মরদেহ ভাসতে দেখা যায়।
নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, 'সজিব আমার ছেলের কাছে চাঁদা চায়। চাঁদা না দেওয়ায় সেদিন তাকে ব্যাপক মারধর করা হয়। ভেবেছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ। এটা কীভাবে মানব? সজিব তাকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দিয়েছে। এই ঘটনায় আমি সজিবের সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।'
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.