1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র নিয়ে বাংলাদেশের নতুন সিদ্ধান্ত ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যায় ভাগ বসাচ্ছে চীন, মিশর, ভিয়েতনাম ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে উপেক্ষিত অধ্যক্ষ, সমালোচনায় ঢাকা কলেজের আয়োজন কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি ২৪ নভেম্বর ‘মহারাস উৎসব’, প্রস্তুতিতে ব্যস্ত মণিপুরি গ্রাম ইউনাইটেডের অনুশীলনের ভিডিও সরিয়ে নিয়ে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ

কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

সন্ত্রাস, নাশকতা ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ঠেকাতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তিন স্তরের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এসব কমিটি গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘সন্ত্রাস, নাশকতা ও কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি’ নামে এসব কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির কার্যপরিধিতে রয়েছে—অপরাধপ্রবণ এলাকার ঝুঁকির মানচিত্র (ক্রাইম ম্যাপিং) তৈরি, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের তথ্য সংগ্রহ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বেশ কয়েকটি দায়িত্ব।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র বৈঠকে তিন স্তরের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। জাতীয় সমন্বয় কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টাসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের ১৩ কর্মকর্তা সদস্য হিসেবে রয়েছেন। এসব কমিটি গঠনের কার্যক্রম চালাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটিগুলো নিজ নিজ এলাকায় বড় ধরনের সহিংসতা বা নাশকতার পর পরিস্থিতি পর্যালোচনা করে এর পুনরাবৃত্তি রোধে সুপারিশও করবে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কমিটিকে মাসে অন্তত একবার সভা করতে হবে। ইউনিয়ন কমিটি প্রতি মাসের কার্যক্রমের প্রতিবেদন পরবর্তী মাসের ৩ তারিখের মধ্যে উপজেলা কমিটিতে পাঠাবে। উপজেলা কমিটি ৫ তারিখের মধ্যে প্রতিবেদন পাঠাবে জেলা কমিটিতে। আর জেলা কমিটি জেলার সমন্বিত প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধামন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কোনো কর্মকর্তা মন্তব্য করেননি।

নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের তৎপরতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার মনে করে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এসব কমিটি কাজ করবে।’

নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) এবং সদস্যসচিব থাকবেন পুলিশ সুপার (এসপি)।

কমিটিতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সদস্য হিসেবে থাকবেন। এ কমিটির সদস্য সংখ্যা হবে কমপক্ষে ১৫।

উপজেলা কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

অন্যদিকে, ইউনিয়ন পর্যায়ের কমিটির কাঠামো নির্ধারণ করবেন সংশ্লিষ্ট জেলার ডিসি। এ কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বা প্রশাসক। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব)।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে—সন্ত্রাস, নাশকতা, সংঘবদ্ধ অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং এসব কর্মকাণ্ডে সহায়তাকারী ও পৃষ্ঠপোষকদের বিষয়ে নিয়মিত মাসিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। এসব তথ্যের ভিত্তিতে প্রতিরোধমূলক কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হবে।

দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, কারা কর্তৃপক্ষ, শিক্ষা ও সমাজসেবা বিভাগ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করবে। প্রয়োজনে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেবে।

অপরাধপ্রবণ এলাকা ও অপরাধের ধরন অনুযায়ী ঝুঁকির মানচিত্র তৈরি করে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেবে এসব কমিটি। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস, বিদ্যুৎকেন্দ্র, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনপরিবহনের নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক উদ্যোগের ওপরও জোর দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যালয় থেকে ঝরে পড়া, দীর্ঘদিন অনুপস্থিত থাকা, ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করা এবং অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, এমন কিশোরদের চিহ্নিত করে সামাজিক সুরক্ষা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তরুণ প্রজন্মের কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং, স্বেচ্ছাসেবা ও কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সম্পৃক্ত করতে উদ্যোগ নেবে এসব কমিটি।

অপরাধ নিয়ন্ত্রণে আইনি উদ্যোগ হিসেবে কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের ফৌজদারি কার্যবিধির ১১০ ধারায় মুচলেকায় আবদ্ধ করা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে ৪৪ ও ৪৫ ধারার বিধান কার্যকর করার নির্দেশনাও এসব কমিটিকে দেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ