1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র নিয়ে বাংলাদেশের নতুন সিদ্ধান্ত ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যায় ভাগ বসাচ্ছে চীন, মিশর, ভিয়েতনাম ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে উপেক্ষিত অধ্যক্ষ, সমালোচনায় ঢাকা কলেজের আয়োজন কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি ২৪ নভেম্বর ‘মহারাস উৎসব’, প্রস্তুতিতে ব্যস্ত মণিপুরি গ্রাম ইউনাইটেডের অনুশীলনের ভিডিও সরিয়ে নিয়ে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ

২৪ নভেম্বর ‘মহারাস উৎসব’, প্রস্তুতিতে ব্যস্ত মণিপুরি গ্রাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

পূর্ণিমার অপেক্ষায় দিন গুনছেন মণিপুরি সম্প্রদায়ের মানুষ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে এখন উৎসবের আমেজ। শিশুদের রাখাল নৃত্য থেকে তরুণীদের রাসনৃত্য, সকাল-বিকেল চলছে মহড়া। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মণিপুরি সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন ‘মহারাস উৎসব’।

এ বছর কমলগঞ্জের মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায় ১৮৪তম মহারাস উৎসব উদযাপন করবে।

অন্যদিকে, আদমপুরের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে মৈতেই মণিপুরি সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব।

উৎসব সামনে রেখে মাধবপুরের বিভিন্ন মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঝেরগাঁও এলাকায় একদল তরুণী প্রশিক্ষকের তত্ত্বাবধানে শিখছেন মণিপুরি নৃত্যের নানা মুদ্রা ও কৌশল। পাশের আরেকটি মণ্ডপে শিশু-কিশোরেরা মৃদঙ্গের তালে তালে অনুশীলন করছে রাখাল নৃত্য।

আয়োজকেরা জানান, প্রায় ২০ দিন ধরে চলছে নৃত্যের মহড়া। উৎসবের বিভিন্ন পরিবেশনায় অংশ নিতে সব বয়সের শিল্পীরা প্রস্তুতি নিচ্ছেন।

উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মৌসুমী সিনহাও। ছোটবেলা থেকেই মণিপুরি নৃত্যের সঙ্গে তার পরিচয়। তিনি বলেন, ‘মহারাস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এটি শুধু আমাদের সংস্কৃতি তুলে ধরার সুযোগ নয়, নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য পৌঁছে দেওয়ারও একটি মাধ্যম।’

রাসধারী (নৃত্য প্রশিক্ষক) অনীরা সিনহা জানান, শিশু-কিশোরদের নিয়ে মহারাস উৎসবের প্রস্তুতি সাধারণত এক মাস আগে থেকেই শুরু হয়।

তিনি বলেন, ‘নতুন ও অভিজ্ঞ, দুই ধরনের শিল্পীরাই মহড়ায় অংশ নিচ্ছেন। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অনুশীলন চলে। এখন আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি।’

মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের তথ্য অনুযায়ী, উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল সাড়ে ১১টায়। শিববাড়ি ও জোড়া মণ্ডপে পরিবেশিত হবে ‘গোষ্ঠলীলা’ বা ‘রাখাল নৃত্য’। এতে শিশুরা ভগবান শ্রীকৃষ্ণ ও তার রাখাল বন্ধুদের সাজে বন্ধুত্ব ও বাৎসল্য রসের বিভিন্ন দিক তুলে ধরবে।

দিনভর চলবে এই পরিবেশনা। সন্ধ্যায় তা শেষ হওয়ার পর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১১টায় জোড়া মণ্ডপে শুরু হবে উৎসবের মূল আকর্ষণ ‘রাসনৃত্য’। এতে নৃত্য ও সংগীতের মাধ্যমে রাধা, কৃষ্ণ ও গোপীদের মধ্যকার দিব্য প্রেমলীলা তুলে ধরবেন শিল্পীরা। এই পরিবেশনা চলবে ভোর পর্যন্ত।

মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাদমুরারি সিংহ স্বপন বলেন, এবার মাধবপুরে ১৮৪তম মহারাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন তারা।

তিনি জানান, মাধবপুরের তিনটি পৃথক মণ্ডপে রাসলীলা পরিবেশিত হবে।

মণিপুরি কালচার একাডেমির সাবেক সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ জানান, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মহারাসলীলার এই ঐতিহ্যের সূচনা করেন। মণিপুরের বাইরে ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে প্রথমবারের মতো মহারাস উৎসব উদযাপিত হয়। সেই থেকে এ অঞ্চলের মণিপুরি সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই আয়োজন।

মহারাস উৎসবের মূল উপজীব্য ভগবান শ্রীকৃষ্ণ, রাধা ও গোপীদের মধ্যকার দিব্য প্রেম। ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও ভক্তিপূর্ণ পরিবেশনার মধ্য দিয়ে শিল্পীরা এই লীলাকে তুলে ধরেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ