অস্ট্রেলিয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের পরিচর্যার জন্য কর্মীর চাহিদাও বাড়ছে। এ খাতে আগামী কয়েক বছরে বড় ধরনের কর্মী সংকট দেখা দিতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়ছে। পাশাপাশি বিদ্যমান ভিসা ব্যবস্থার বাইরে নতুন ভিসা চালুর দাবি জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলো।
তাদের হিসাবে, ২০৩০ সালের মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার অতিরিক্ত পরিচর্যাকর্মীর প্রয়োজন হবে।
অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে বিদেশি কর্মীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। দেশটির আবাসিক পরিচর্যা খাতের কর্মীদের প্রায় ৫১ শতাংশই বিদেশি নাগরিক।
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ নিউজের এক প্রতিবেদনে নিউ সাউথ ওয়েলসের অরেঞ্জ এলাকার একটি পরিচর্যাকেন্দ্রের চিত্র তুলে ধরা হয়েছে। কেন্দ্রটির ১৭৯ জন কর্মীর মধ্যে ১০৪ জনই বিদেশি নাগরিক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের ভাষ্য, বিদেশি কর্মী ছাড়া তাদের সেবা কার্যক্রম চালানো কঠিন হতো।
দেশটিতে বর্তমানে প্রায় ৭০ হাজার জন পরিচর্যাকর্মী অস্থায়ী ভিসায় আছেন। তাদের অনেকে শিক্ষার্থী বা পার্টনার ভিসা নিয়ে দেশটিতে এসে এ খাতে কাজ করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি দশকের শেষ দিকে অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে আরও প্রায় ১ লাখ ১০ হাজার কর্মীর প্রয়োজন হবে।
তবে এই সংখ্যা বিদেশ থেকে কর্মী নিয়োগে সরকারের নির্ধারিত কোনো কোটা নয়। এটি পরিচর্যা খাতে সম্ভাব্য কর্মী সংকটের হিসাব। স্থানীয়ভাবে কর্মী প্রশিক্ষণ, তাদের ধরে রাখা এবং বিদেশ থেকে কর্মী নিয়োগের মাধ্যমে এ সংকট মোকাবিলার পরিকল্পনা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতের নিয়োগকর্তাদের সংগঠন ‘এজিং অস্ট্রেলিয়া’ বিদেশি পরিচর্যাকর্মীদের জন্য বিশেষ দক্ষতাভিত্তিক ভিসা চালুর দাবি জানিয়েছে।
তাদের ভাষ্য, অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে সামগ্রিকভাবে বিদেশি অভিবাসীর সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হলেও বয়স্কদের পরিচর্যার মতো গুরুত্বপূর্ণ খাতে কর্মীর চাহিদা বিবেচনায় রাখা জরুরি।
সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলোর মতে, বর্তমান অভিবাসন ব্যবস্থা এ খাতের দীর্ঘমেয়াদি কর্মী চাহিদা পূরণে যথেষ্ট কার্যকর নয়। তাই তারা বিশেষ দক্ষতাভিত্তিক ভিসা চালুর প্রস্তাব দিয়েছে।
অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে বাংলাদেশি নাগরিকদেরও কাজের সুযোগ রয়েছে। দেশটির বিদ্যমান অভিবাসন ব্যবস্থায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ থাকায় যোগ্য বাংলাদেশিরাও এ খাতে কাজের জন্য আবেদন করতে পারেন।
এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা হলো—‘এজ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট’। এর আওতায় অস্ট্রেলিয়ার অনুমোদিত নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের স্পনসর করতে পারেন।
এই ব্যবস্থায় তিন ধরনের পেশায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। এগুলো হলো—বয়স্কদের পরিচর্যা, নার্সিং ও ব্যক্তিগত সেবা।
নিয়োগকর্তার স্পনসরশিপের মাধ্যমে স্কিলস ইন ডিমান্ড ভিসা (সাবক্লাস ৪৮২) অথবা সাবক্লাস ১৮৬ ভিসার জন্য আবেদন করা যায়। সাবক্লাস ৪৮২ ভিসায় সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য অস্ট্রেলিয়ায় কাজের অনুমতি মেলে।
অন্যদিকে, সাবক্লাস ১৮৬ স্থায়ী বসবাসের ভিসা। তবে এ ভিসার জন্য বয়স, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার শর্ত রয়েছে। বিশেষ করে, এই ব্যবস্থায় সংশ্লিষ্ট পেশায় অস্ট্রেলিয়ায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হয়।
বিদেশ থেকে আবেদন করতে আগ্রহীদের সংশ্লিষ্ট পেশায় শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। বিদেশে অর্জিত যোগ্যতা বা অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করলে সংশ্লিষ্ট মূল্যায়নকারী সংস্থার মাধ্যমে দক্ষতা যাচাই করাতে হতে পারে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার অনুমোদিত কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব ও স্পনসরশিপ থাকতে হবে। পাশাপাশি পূর্ণকালীন চাকরি, নির্ধারিত বেতন এবং সংশ্লিষ্ট ভিসার অন্যান্য শর্তও পূরণ করতে হবে।
বাংলাদেশ থেকে আগ্রহীরা প্রথমে অস্ট্রেলিয়ার অনুমোদিত বয়স্কদের পরিচর্যা প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ খুঁজতে পারেন। নিয়োগকর্তা ‘এজ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট’-এর আওতায় অনুমোদিত কি না, তা-ও যাচাই করা জরুরি।
চাকরির প্রস্তাব পাওয়ার পর প্রয়োজনীয় দক্ষতা মূল্যায়ন, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কাজের অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা এবং অন্যান্য কাগজপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট ভিসার জন্য আবেদন করতে হবে।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের সরকারি ওয়েবসাইটে ভিসা ও নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে কর্মীর চাহিদা বাংলাদেশের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এ খাতে বিদেশে চাকরি পেতে শুধু কর্মীর চাহিদা থাকাই যথেষ্ট নয়। প্রয়োজনীয় প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা, ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা এবং নিয়োগকর্তার স্পনসরশিপও জরুরি।
আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পরিচর্যাকর্মী তৈরিতে বাংলাদেশের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো উদ্যোগী হলে এ খাতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক