1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

তিন মাসে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কমেছে ৪,০০০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

খেলাপি ঋণ বাড়লেও চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশের ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এ বছরের জুন শেষে যেখানে প্রভিশন ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার কোটি টাকা, সেটি সেপ্টেম্বর শেষে কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার কোটি টাকা। অর্থাৎ, তিন মাসে ঘাটতি কমেছে ৪ হাজার কোটি টাকা।

প্রভিশন হলো ঋণ থেকে সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ব্যাংকের সংরক্ষিত অর্থ। সাধারণ ঋণের বিপরীতে ব্যাংককে ১ শতাংশ প্রভিশন রাখতে হয়। তবে খেলাপি ঋণের শ্রেণিমান অনুযায়ী ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত প্রভিশন সংরক্ষণ করতে হয়। এই অর্থ ব্যাংকের আয় থেকে সংরক্ষণ করা হয়, যাতে ঋণ আদায় না হলে সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়া যায়।

তবে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কমলেও তা এখনো বড় অঙ্কেই রয়ে গেছে। গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি সর্বোচ্চ ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকায় পৌঁছেছিল। ওই সময় খেলাপি ঋণের পরিমাণও রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছিল, যা মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এর বিপরীতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৩৩.৮০ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও ঋণ জালিয়াতির চিত্র সামনে আসতে শুরু করে। এর ফলে খেলাপি ঋণ প্রায় ১২.৫ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে ভুয়া প্রতিষ্ঠান ও অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণের তথ্য উঠে আসার পর এসব ঋণ শ্রেণিকরণ করা হয়। এতে একদিকে খেলাপি ঋণ বেড়েছে, অন্যদিকে প্রভিশন ও মূলধন ঘাটতির চাপ তৈরি হয়েছে।

এদিকে খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক রোডম্যাপ ঘোষণা করেছে। এর মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরে বিশেষায়িত ঋণ আদায় ইউনিট গঠন, আইনি বিভাগ শক্তিশালী করা, অর্থঋণ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি এবং জামানত বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বড় অঙ্কের খেলাপি ঋণ দ্রুত পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে।

এছাড়া গত দেড় বছর ধরে বিশেষ পুনঃতফসিল সুবিধা চালু রয়েছে। ঋণের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করে শুধু আসল ঋণ পরিশোধের সুযোগ দিয়ে এক্সিট পলিসিও কার্যকর রয়েছে। তবে এসব সুবিধার পরও খেলাপি ঋণ কমছে না, বরং বাড়ছে।

এ বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'বর্তমানে যেসব ঋণ খেলাপি হচ্ছে, তার বড় অংশই দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত ছিল। এখন সেগুলো আনুষ্ঠানিকভাবে খেলাপি হিসেবে শ্রেণিকৃত হচ্ছে। তবে ঋণ পুনঃতফসিলসহ বিভিন্ন নীতিগত সুবিধা দেওয়া হলেও খেলাপি ঋণ কমাতে সেগুলোর কার্যকর প্রভাব এখনো দেখা যাচ্ছে না।'

তিনি বলেন, 'বৈশ্বিক পরিস্থিতির কারণে ব্যবসায় মন্দা থাকায় অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছে। ফলে বড় ধরনের সুবিধা পেয়েও অনেক ব্যবসায়ী ঋণ নিয়মিত করতে পারছেন না।'

গত দুই বছর ধরে ব্যাংক খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে, যেখানে বাজারের চাহিদা অনুযায়ী তা ১০ শতাংশের বেশি হওয়ার কথা। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকায় ব্যবসায়ীরা নতুন বড় বিনিয়োগে যাচ্ছেন না। বরং বিদ্যমান অনেক বিনিয়োগও লোকসানের দিকে যাচ্ছে, যার প্রভাব ব্যাংক খাতেও পড়ছে।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ এক্সিট সুবিধার আওতায় বড় ঋণগ্রহীতারা আবেদন করছেন না উল্লেখ করে ওই এমডি বলেন, 'যারা আবেদন করছেন, তাদের বেশিরভাগই কিছুটা পুনঃতফসিল সুবিধার আবেদন করছেন।' তবে এই সার্কুলারের কার্যকর প্রভাব আগামীতে দেখা যেতে পারে বলে তিনি মনে করেন।

সরকারি ব্যাংকগুলোর সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের ৪৬.৫৯ শতাংশ। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়েছে প্রায় ৭৪ হাজার কোটি টাকা।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতির পরিমাণও উল্লেখযোগ্য।

অন্যদিকে, বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ রয়েছে ১৮ হাজার ৩০০ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৩৯.৫ শতাংশ। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি ২৭ কোটি টাকা।

রাজনৈতিক পরিবর্তনের পর বাড়ছে খেলাপি ঋণ

ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির প্রভাবেই খেলাপি ঋণ বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যাংকাররা মনে করেন।

২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশের উদ্যোগ নেয়। এর ফলে খেলাপি ঋণ দ্রুত বেড়ে যায়। এ পরিস্থিতিতে বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলে খেলাপি ঋণ কিছুটা কমে আসে। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের সময়েও খেলাপি ঋণের পরিমাণ আবার বাড়ছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ