খুলনা শহরে দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দুই দফা কালি লেপে বিকৃত করার ঘটনার পর আবারও নতুন করে আঁকা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে প্রতিকৃতিটি আঁকেন চিত্রশিল্পী মো. রেজাউল করিম (রেজা)। এ সময় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্পী রেজাউল করিম বলেন, ‘গতকাল সিটি করপোরেশনের প্রশাসক আমাকে প্রতিকৃতিটি আবার আঁকার জন্য বলেন। সে অনুযায়ী আজ কাজটা করেছি।’
এর আগে ৬ নভেম্বর প্রথমবার রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনা ঘটে। পরে রেজাউল করিম সেটি নতুন করে আঁকেন।
কিন্তু ১৬ দিনের মাথায় গত রোববার আবারও প্রতিকৃতিতে কালি দেওয়া হয়।
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুনরাবৃত্তিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন কবির প্রতিকৃতির অবমাননা নয়, দেশের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিও অসম্মান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যলোকের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনার পুনরাবৃত্তি খুবই দুঃখজনক। প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন ছিল।’
তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথকে যতই মুছে ফেলার চেষ্টা করা হোক, তিনি বাঙালির হৃদয়ে ছিলেন, আছেন এবং থাকবেন।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রতিকৃতিতে দুই দফা কালি লেপনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে পারেনি পুলিশ।’
গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন দেয়ালচিত্র আঁকা হয়।
এসব দেয়ালচিত্রে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতি স্থান পায়।
এর মধ্যে অন্য প্রতিকৃতিগুলো অক্ষত থাকলেও দুই দফায় শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিয়ে বিকৃত করার ঘটনা ঘটে।