শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর হাতে নিহত শত শত মুসলিমের ভাগ্যে কী ঘটেছিল, তার উত্তর খুঁজছেন স্বজনেরা। ৩৬ বছর পর দেশটির পূর্বাঞ্চলের কুরুক্কালমাডাম এলাকায় একটি গণকবরে মানুষের কঙ্কাল পাওয়ায় নতুন করে আশার আলো দেখছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।
নিহতদের একজন ফৌজুল আমিরের বোন ৬০ বছর বয়সী ফৌজুল হিনায়া ৩৬ বছর ধরে দুই ভাইয়ের খোঁজে অপেক্ষা করছেন। ১৯৯০ সালের জুলাইয়ে ব্যবসার কাজে যাওয়ার পথে আমিরকে কুরুক্কালমাডামের কাছে আটকে হত্যা করা হয়। কয়েক দিন পর তার আরেক ভাই আবদুর রউফও অপহৃত হন। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। হিনায়ার আশা, ভাইদের দেহাবশেষ শনাক্ত হলে অন্তত মুসলিম রীতি মেনে তাদের দাফন করতে পারবেন।
১৯৯০ সালে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের কাত্তানকুডি ও এরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই। একই বছরের অক্টোবরে উত্তরাঞ্চল থেকে প্রায় ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে জোর করে উচ্ছেদ করা হয়। তাদের ঘরবাড়ি ও সম্পত্তিও ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল।
২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের অবসান হলেও এসব হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনার অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা। কুরুক্কালমাডামের গণকবরের অনুসন্ধান সেই অজানা ইতিহাসের সত্য উদঘাটন এবং স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।