ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি সই হলে ভারতীয় আমদানি পণ্যের ওপর আরোপিত শুল্ক সর্বোচ্চ ১৭ শতাংশে সীমিত রাখবে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে এই শুল্কের হার বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে।
ট্রাম্প প্রশাসন 'কাঠামোগত অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা' মোকাবিলার কথা বলে ১৪টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব করার প্রেক্ষাপটে ইউএসটিআর এমন তথ্য জানিয়েছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউএসটিআরের নোটিশ পর্যালোচনা করছে। মন্ত্রণালয় আরও উল্লেখ করে, তদন্ত চলাকালে ভারত যুক্তরাষ্ট্রকে জানায়, তাদের কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।
এক বিবৃতিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পুরো তদন্ত প্রক্রিয়ায় ভারত গঠনমূলকভাবে যুক্ত ছিল এবং বাণিজ্যসংক্রান্ত উদ্বেগগুলো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত।
যুক্তরাষ্ট্র অযৌক্তিক বাণিজ্য চর্চা হিসেবে ভারতের শিল্প সম্প্রসারণ নীতি, অপর্যাপ্ত শ্রম সুরক্ষা, আর্থিক নিপীড়ন (ফাইন্যান্সিয়াল রিপ্রেশন), বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা এবং অ-বাজার অর্থনীতির দেশগুলো থেকে আমদানি ও বিদেশি বিনিয়োগসহ বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতার বিষয়গুলোকে চিহ্নিত করেছে।
যুক্তরাষ্ট্র বলেছে, এসব নীতির কারণে মার্কিন উৎপাদক, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বাজার নেই এমন অর্থনীতির দেশগুলোর কাঁচামাল ও উপকরণের ওপর নির্ভরশীলতার মাধ্যমে বিশেষ করে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ইস্পাত, সৌরবিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি খাতে অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লি ও ওয়াশিংটন একটি বাণিজ্য চুক্তির কাঠামোতে সম্মত হয়। এর ফলে আগের দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর ২০২৫ সালের আগস্টে অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক কমে ১৮ শতাংশে নেমে আসে।
এর আগে বিশ্বব্যাপী ব্যাপক হারে শুল্ক আরোপের জন্য ট্রাম্পের জরুরি ক্ষমতা প্রয়োগের বিষয়টি সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করলে ১০ শতাংশের একটি ভিত্তি শুল্কহার নির্ধারিত হয়।
তবে বিশ্বের অন্যতম বৃহৎ এই দুই অর্থনীতির দেশের মধ্যে চূড়ান্ত বাণিজ্য চুক্তি এখনো হয়নি।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্য চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.