ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের ওপর থেকে ছোড়া হয় একটি ককটেল। তা বিস্ফোরিত হয়ে আহত হয়েছেন এক আইনজীবী। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১৯ মিনিটের দিকে ঘটে এ ঘটনা। তবে তাৎক্ষণিকভাবে ওই আইনজীবীর নাম জানা যায়নি। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজন আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল আগামীর সময়কে বলেছেন, সকাল ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের উপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে ধরে পুলিশে দেয় জনতা। সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন সন্ত্রাস বিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা করেন। আরও পড়ুন আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে ১৬ নভেম্বর ২০২৬