আগামী বছরের ৪ ফেব্রুয়ারি বসুন্ধরা কনভেনশন সেন্টারে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস। আজ বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করা হয়। এই কংগ্রেসে কাউন্সিলরদের পাশাপাশি রেফারি ও সহকারী রেফারিদেরও আমন্ত্রণ জানানো হবে। দিনটিকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।
কংগ্রেসে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যেসব অভ্যন্তরীণ ও বহিরাগত অডিট সম্পন্ন হবে, সেগুলো উপস্থাপন করা হবে বলে জানান বাফুফে সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।
অন্যদিকে, আসন্ন নারী লিগে অংশ নেবে ১০ থেকে ১২টি দল। নারী ফুটবল লিগ আয়োজনের এজেন্ডাও অনুমোদন করেছে বাফুফে নির্বাহী কমিটি। তবে লিগ শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। অন্যদিকে, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ১০টি দলকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে দলগুলোর বিষয়ে যাচাই-বাছাই করা হবে। অপরদিকে, ইনজুরিতে পড়া সাদ উদ্দিনের চিকিৎসার সব ব্যয়ভার বাফুফে বহন করবে। ফিফা যে আর্থিক সাপোর্ট দেবে, সেটি সাদ উদ্দিনের জন্য পর্যাপ্ত হবে না বলে জানান বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এছাড়া কক্সবাজারের রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টারের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)।