রেজল্যুশনের আওতায় আনার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় পদ্মা ব্যাংকের চার দিনের ব্যাংকিং সেবা বন্ধ রাখার অনুমোদন বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডের জন্য ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা ব্যাংকটির সব ধরনের লেনদেন বন্ধ রাখার অনুমতি দেওয়া হলেও আজ বুধবার তা বাতিল করা হয়েছে।
গত ২৩ নভেম্বর পদ্মা ব্যাংক পিএলসির আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংকের কোনো ধরনের সেবা বন্ধ রাখতে হলে সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এডিএডি) থেকে অনুমোদন নিতে হয়। অন্যদিকে, ব্যাংক রেজল্যুশন বিভাগ ব্যাংকটিকে রেজল্যুশনের আওতায় আনার সিদ্ধান্ত নেয়। এ কারণে পদ্মা ব্যাংকের সিস্টেম আপগ্রেডের অনুমোদন বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, সিস্টেম আপগ্রেডে ব্যাংকের অর্থ ব্যয় হবে। পাশাপাশি সেবা বন্ধ রাখার মাধ্যমে তথ্য গোপনেরও সুযোগ থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অনুমোদনটি বাতিল করা হয়েছে।
এর আগে পদ্মা ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং বন্ধ থাকার পাশাপাশি চেক ক্লিয়ারিং, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবি লেনদেন স্থগিতের অনুমোদন দেওয়া হয়েছিল। একই সময়ে ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পিওএস, এটিএম, ই-কমার্স ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব ডিজিটাল সেবা বন্ধ রাখার কথা ছিল।
দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক বন্ধ না করে সরকারি মূলধন জোগানের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক। ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকটিকে পুনর্গঠন করে একপর্যায়ে বেসরকারি খাতে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় পদ্মা ব্যাংককে আনার সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের গত সপ্তাহের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রেজল্যুশনের আওতায় একটি ব্যাংক বিক্রি, বন্ধ, একীভূতকরণ বা পুনঃমূলধনীকরণ করতে পারে। অন্তর্বর্তী সরকারের সময়ে পাঁচটি শরীয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। রেজল্যুশন প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে পদ্মাসহ ১১টি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) সম্পন্ন করিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
৮৯ শতাংশ ঋণ খেলাপি, মূলধন ঘাটতি ৬,২২৪ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে পদ্মা ব্যাংক নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে। এজন্য সরকার প্রয়োজনীয় মূলধন ও তহবিল জোগান দেবে। আমানত ফেরত দেওয়ার সক্ষমতা ও বিভিন্ন সূচকের উন্নতির পর ব্যাংকটি বেসরকারি খাতে বিক্রি করা হবে। আইন অনুযায়ী, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার পর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ পাঁচ বছর সময় নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত পদ্মা ব্যাংকের ৫ হাজার ৫৩৯ কোটি টাকা ঋণের মধ্যে ৪ হাজার ৯৩৩ কোটি টাকা বা ৮৯.০৬ শতাংশ খেলাপি। ক্রমপুঞ্জীভূত লোকসানসহ ব্যাংকটি বড় অঙ্কের দেনায় পড়েছে। গত বছর শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ২২৪ কোটি টাকা।
তথ্যমতে, ব্যাংকটির মূল উদ্যোক্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং ব্যবসায়ী মাহবুবুল আলম চিশতী ওরফে বাবুল চিশতীর অনিয়ম ও জালিয়াতির কারণে ব্যাংকটি দুরবস্থায় পড়ে। ২০১৩ সালে ফারমার্স নামে যাত্রা শুরু করা ব্যাংকটি ২০১৯ সালে নাম পরিবর্তন করে পদ্মা করা হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকটিকে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হলেও সরকার পতনের পর তা আর বাস্তবায়ন হয়নি।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.