দীর্ঘদিনের শরণার্থী সংকট নিরসনের অংশ হিসেবে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করছে মালয়েশিয়া। দেশটিতে আশ্রয় নেয়া বিদেশিদের মধ্যে মিয়ানমার থেকে আসা শরণার্থীর সংখ্যাই সবচেয়ে বেশি। শুক্রবার মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এই পরিকল্পনার কথা জানিয়েছেন। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে জাতিসংঘের শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ রায়ের এক দিন পরই মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ঘোষণা এল। এর আগে বৃহস্পতিবার দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক রায়ে শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দেয়া এবং ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন।
এক বিবৃতিতে আহমদ জাহিদ হামিদি বলেন, ‘সম্প্রতি তুরস্কে আমার সরকারি সফরের পর একটি কাঠামোগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে মোকাবিলায় সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে আমি এই প্রস্তাব পেশ করেছিলাম।’
হামিদি জানান, তুরস্কে যাওয়ার পর রোহিঙ্গা শরণার্থীরা তিন থেকে ছয় মাস মেয়াদি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) কর্মসূচিতে অংশ নেবেন। তুরস্কের বিভিন্ন শিল্প খাতে নিয়োগকর্তাদের কাছে যেসব ব্যবহারিক দক্ষতার চাহিদা রয়েছে, প্রশিক্ষণে সেসব বিষয়েই জোর দেয়া হবে। তিনি বলেন, ‘এই দক্ষতা অর্জনের ফলে অংশগ্রহণকারীরা তুরস্কের আইনকানুন মেনে কর্মসংস্থান খুঁজে নিতে এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখতে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন।’
তুরস্কে পুনর্বাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গা শরণার্থীরা স্বেচ্ছায় এই কর্মসূচিতে অংশ নেবেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। তবে আহমদ জাহিদ হামিদি বলেছেন, শরণার্থীদের জন্য স্থায়ী সমাধানের খোঁজে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) নীতিমালার সঙ্গে সংগতি রেখেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে শরণার্থীদের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার প্রতি যথাযথ সম্মান রেখে তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরের শেষের দিকে মালয়েশিয়া তথাকথিত স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচির আওতায় মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছিল। তবে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, সংঘাতকবলিত মিয়ানমারে শরণার্থীদের এভাবে ফেরত পাঠানো হলে তারা ঝুঁকির মুখে পড়তে পারেন। পরে অক্টোবরে মালয়েশিয়া সরকার জানায়, সম্প্রতি ফেরত পাঠানো শত শত শরণার্থীকে মিয়ানমারে আটক রাখার যে খবর পাওয়া গেছে, সে বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই নিপীড়িত মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ শরণার্থী জনগোষ্ঠীকে আশ্রয় দিলেও মালয়েশিয়া ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় এবং শরণার্থীদের আনুষ্ঠানিক স্বীকৃতিও দেয় না। এদিকে বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট-চেকাররা দেখতে পেয়েছেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের লক্ষ্য করে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে। মানবাধিকারকর্মীদের মতে, এসব অপপ্রচার বিদেশিদের প্রতি বিদ্বেষ ও ভীতি প্রদর্শনকে উসকে দিচ্ছে।