1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ট্রাম্প-শি-পুতিন বৈঠকে আলোচ্যসূচিতে ইরান যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতাদের এই বৈঠকে ইরান যুদ্ধ, ইউক্রেন সংঘাত, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার আলজাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তিন নেতা শেনজেনে পৌঁছেছেন এবং বহুল প্রতীক্ষিত বৈঠকের প্রস্তুতি চলছে। এটি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় সম্মেলন।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ট্রাম্পের উদ্যোগ

বৈঠকে ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন কোনো কাঠামো তৈরির আলোচনা শুরু করা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার সর্বশেষ চুক্তি নিউ স্টার্ট (নিউক্লিয়ার আর্মস রিডাকশন ট্রিটি) চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ায় দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর বিদ্যমান সীমাবদ্ধতা উঠে গেছে।

ট্রাম্প চান, নতুন কোনো চুক্তি হলে তাতে চীনকেও অন্তর্ভুক্ত করা হোক। তবে এ বিষয়ে বড় বাধা রয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, চীনের হাতে ৬০০টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের অস্ত্রভান্ডারে পাঁচ হাজারের বেশি ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়।

এই পরিস্থিতিতে চীনের পক্ষে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে একই ধরনের সীমাবদ্ধতায় সম্মত হওয়ার আগ্রহ কম থাকতে পারে। অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক সংগঠন আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল মনে করেন, বৈঠকটি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি আলোচনার সূচনা করতে পারে। তবে এক বৈঠকেই বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই।

ইউক্রেন ও ইরানের যুদ্ধ বন্ধের বিষয়েও আলোচনা করতে চান ট্রাম্প। তবে এ দুই সংঘাত নিয়ে তিন দেশের অবস্থানে পার্থক্য রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ইউক্রেনকে আলোচনার বাইরে রাখার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে।

ইউক্রেন ছাড়াও জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোরও এসব আলোচনার ফলাফলে স্বার্থ রয়েছে। কিন্তু তাদের অংশগ্রহণ ছাড়াই তিন শক্তিধর দেশের নেতারা আলোচনা করছেন।

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সামরিক বাহিনী স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার ওপর নির্ভরশীল। ট্রাম্পের সফরসঙ্গী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিল্ড স্যাটেলাইট ব্যবস্থার কার্যক্রমে মাঝেমধ্যে সীমাবদ্ধতা আরোপের বিষয়টিও এ আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চীন-রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্কও বড় বিষয়

ইরান যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই; এর কারণে জ্বালানির দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এপি জানিয়েছে, যুদ্ধ চলার মধ্যেও চীন ও রাশিয়া বাণিজ্যের মাধ্যমে ইরানকে সহযোগিতা করে আসছে।

অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন সচল রাখা যুক্তরাষ্ট্র ও চীন—উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ফলে ইরান যুদ্ধ ও এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়েও আলোচনার সুযোগ রয়েছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে উৎসাহিত করতে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা বাণিজ্য খুলে দেওয়ার সম্ভাবনাও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচনায় এসেছে। তবে এ ধরনের উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিন নেতার বৈঠক ঘিরে প্রত্যাশা থাকলেও তাদের অগ্রাধিকারে বড় ধরনের পার্থক্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ট্রাম্পের আগ্রহের কেন্দ্রে রয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি চীনকেও ভবিষ্যতের কোনো পারমাণবিক চুক্তির আওতায় আনতে চান তিনি। এ ছাড়া ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে, পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে নিজের শর্ত ও রাশিয়ার নিরাপত্তা-সংক্রান্ত দাবিগুলো তুলে ধরতে চাইবেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাও এই বৈঠকের প্রেক্ষাপট তৈরি করেছে।

তবে শি জিনপিংয়ের অগ্রাধিকার কিছুটা ভিন্ন। তিনি চীনকে বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত হওয়ার বিষয়ে বেইজিংয়ের অনাগ্রহ রয়েছে। একইভাবে ইউক্রেন যুদ্ধের আলোচনায় সরাসরি জড়িয়ে পড়তেও চীন আগ্রহী নয় বলে বিশ্লেষকদের ধারণা।

নতুন ‘ইয়াল্টা সম্মেলন’ হওয়ার সম্ভাবনা কতটা?

তিন নেতার এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতারা ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন।

তবে এবারের বৈঠককে নতুন ইয়াল্টা হিসেবে দেখার বিষয়ে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, তিন দেশের মধ্যে স্বার্থের পার্থক্য অনেক বেশি। ফলে এক বৈঠকেই বড় কোনো আন্তর্জাতিক সমঝোতায় পৌঁছানো কঠিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আশঙ্কা প্রকাশ করেছেন, বড় শক্তিগুলো যেন ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে দেশটির অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত না নেয়। তাঁর মতে, সংশ্লিষ্ট দেশকে বাদ দিয়ে তার ভাগ্য নির্ধারণ করা বড় ভুল হবে।

বিশ্লেষকদের মতে, তিন নেতার একসঙ্গে বসাটাই কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিক বড় কোনো চুক্তি বা সমঝোতার সম্ভাবনা সীমিত। বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ এবং ইরান ইস্যুতে তিন দেশের অবস্থান এক নয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক বিরোধ, উন্নত এআই চিপ রপ্তানিতে বিধিনিষেধ এবং গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিয়েও টানাপোড়েন রয়েছে। এসব বিরোধের মধ্যেই তিন নেতার বৈঠক হচ্ছে।

তাই বৈঠকে কোনো যৌথ ঘোষণা আসে কি না, কিংবা তিন দেশ আলাদাভাবে আলোচনার ফলাফল জানায় কি না, তা এখন গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ চীনের শেনজেনে এই সম্মেলনের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

সূত্র: আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস, ইয়োনহাপ ও ওয়াশিংটন পোস্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ