আখতার রাফি : সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সাভার পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত। দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
এ সময় মোঃ খোরশেদ আলম আরো বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
প্রতিবাদ সভা শেষে বিশাল মোটরসাইকেল র্যালিটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের নৈরাজ্যের সৃষ্টির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে।