সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।
বুধবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন ও জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম ইপিজেডের সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের জায়গায় এই নতুন কারখানাটি স্থাপন করা হবে। কারখানাটি বন্ধ হওয়ার পর বেপজা যাবতীয় নিয়ম কানুন অনুসরণ করে এর যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড তা কিনে নেয়। প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করবে এবং প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করতে নতুন করে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
এই উদ্যোগে দেশের ২ হাজার ২৩০ জন নাগরিকের কর্মসংস্থান হবে উল্লেখ করে বেপজা জানায়, প্রতিষ্ঠানটি বার্ষিক ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক (হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট এবং প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেটসহ বিভিন্ন ধরনের জ্যাকেট, পাফার পারকা ও ফার আউটওয়্যার) উৎপাদন করবে। উৎপাদিত পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রধান বাজারগুলোতে রপ্তানি করা হবে।
চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ পেয়ে হ্যান জুনঝিয়াও বলেন, যেহেতু বিদ্যমান একটি শিল্প অবকাঠামোতে তারা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন, তাই কিছু সংস্কারকাজের প্রয়োজন হবে। তিনি আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে উৎপাদন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন ।