বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
তৈরি পোশাক খাতের বাইরে বাংলাদেশের বহুমুখী রপ্তানি সক্ষমতার প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহের নতুন বার্তা দিয়ে শেষ হয়েছে গ্লোবাল সোর্সিং এক্সপো।
তিন দিনের এ আয়োজনে ১১টি দেশের আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণে তৈরি হয়েছে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাব্য রপ্তানি অংশীদারত্বের সুযোগ।
এতে ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান ২৪০টি স্টলে নিজেদের পণ্য ও সক্ষমতা তুলে ধরে বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার চিত্র তুলে ধরেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয় এ আন্তর্জাতিক সোর্সিং এক্সপো।
মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে মন্ত্রণালয়।
সমাপনী বক্তব্যে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য ক্রমাগত বাড়ছে।
"এই অগ্রযাত্রাকে টেকসই করতে পণ্যের মান উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে।"
তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইপিবির হাসান আরিফ বলেন, "এবারের এক্সপোতে বাংলাদেশের বহুমুখী উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হয়েছে।
"যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল থেকে আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের প্রতি বৈশ্বিক ক্রেতাদের আগ্রহ ও আস্থার প্রতিফলন।"
এবারের এক্সপোতে অ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোমডেকর, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার খাতের প্রতিষ্ঠান অংশ নেয়।
তিন দিনের আয়োজনে পণ্য প্রদর্শনের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, বিটুবি মিটিং, ফ্যাক্টরি ভিজিট, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন করা হয়।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এক্সপোর মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ হয়েছে।
তারা এ ধরনের আন্তর্জাতিক আয়োজন নিয়মিত চালু রাখার ওপর গুরুত্ব দেন।
অংশগ্রহণকারী ১২টি সেক্টর থেকে পণ্য উপস্থাপন, সৃজনশীলতা ও স্টল সাজানোর মান বিবেচনায় নির্বাচিত সেরা প্রতিষ্ঠানগুলোকে সেরা স্টল পুরস্কার দেওয়া হয়।
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?
আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা