ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান।
আজ সোমবার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদের পদ থেকে এই আসনটি শূন্য হয়েছিল। এই আসনে উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত আসনে তাকে মনোনয়ন দেওয়ায় তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে; আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে।
চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পেয়েছিল। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদের নাম আসে। দলীয় প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।