ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও সৌম্য সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চোটের জন্য ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লিটন কুমার দাস ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। শঙ্কা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান। ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার সকালে মিরপুর টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এতে টিকে গেছেন নাঈম হাসান। সংযুক্ত আরব আমিরাতে টেস্ট দলের প্রস্তুতি ও দুই দিনের অনুশীলন ম্যাচের সুবিধার জন্য দলের সঙ্গে সফরে গিয়েছিলেন এই অফ স্পিনার। পরে ম্যাচও খেলে ফেলেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে বিশ্রাম পেয়েছিলেন ৩১ বছর বয়সী তাসকিন। অভিজ্ঞ এই পেসার চলতি বছর দেশের হয়ে খেলেছেন চার টেস্ট। এই সংস্করণে সবশেষ তিনি খেলেন গত অগাস্টে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্টে ৩৯.১৮ গড়ে তার উইকেট ৫৯টি।
আবু ধাবি টেস্ট উইকেটের সামনে-পেছনে দুর্দান্ত কাটে লিটনের। ৫৩ ও ১০২ রানের চমৎকার দুটি ইনিংস খেলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ডিসমিসাল নয়টি। দীর্ঘ টেস্ট সুদীর্ঘ ইতিহাসে এক ম্যাচের দুই ইনিংসে পঞ্চাশছোঁয়া ইনিংস ও ৯ ডিসমিসালের কীর্তি কেবল তারই।
নিতম্বের চোটে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন। তার অনুপস্থিতিতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নেয় বাংলাদেশ।
ম্যাচ না খেলেই টেস্ট দলে জায়গা হারালেন সৌম্য। ৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান এই সংস্করণে সবশেষ খেলেন ২০২১ সালে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সৌম্যর মতোই না খেলেই বাদ পড়লেন খালেদ। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে সবশেষ দেশের হয়ে খেলেন তিনি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ পথচলা ধরে রাখতে এই সিরিজে দুটি ম্যাচই জেতা জরুরি বাংলাদেশের জন্য।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।
বাদ: সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ।
প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার
ডিজিটাল নিরাপত্তা কি শুধু সচেতন ও বিত্তবানদের জন্য?
মক্কায় মৃত্যুদণ্ড: প্রবাসীদের আইনি সুরক্ষার কঙ্কালসার চিত্র