কেবিনের চাপ নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতের একটি এয়ার অ্যাম্বুলেন্স। আজ রোববার দুপুরে আগরতলা থেকে কলকাতাগামী উড়োজাহাজটি জরুরি অবতরণের পর এতে থাকা রোগীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে Beechcraft King Air C90A মডেলের VT-HYA নিবন্ধন নম্বরের এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতীয় সময় বেলা ১টা ৫ মিনিটে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে। উড়োজাহাজটিতে দুই ক্রু, একজন রোগী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিকসহ মোট সাতজন ছিলেন।
১২ হাজার ফুট উচ্চতা অতিক্রমের সময় উড়োজাহাজটির কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এতে উড়োজাহাজের প্রধান দরজাটি ক্ষতিগ্রস্ত হয়ে আংশিকভাবে খুলে যায়। এ পরিস্থিতিতে আরোহীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ঢাকায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
বেবিচক জানায়, উড়োজাহাজটি অবতরণের আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী যান, অ্যাম্বুলেন্স, চিকিৎসক এবং সংশ্লিষ্ট জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়। পরে বাংলাদেশ সময় বেলা ১টা ৪০ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর উড়োজাহাজের ক্রু ও অন্য আরোহীরা নিরাপদে ছিলেন। তবে রোগীকে দ্রুত কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্রু ও অন্য আরোহীদের প্রয়োজনীয় ছাড়পত্রসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন না থাকলেও মানবিক বিবেচনা ও আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে তাঁদের সহায়তা করা হয়। ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক ছাড়পত্রের প্রক্রিয়ায় সহযোগিতা দেওয়া হয়। দূতাবাসের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন।
ঘটনাস্থলে বেবিচকের চেয়ারম্যান, সদস্য (পরিচালনা), সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনীয় কার্যক্রমে সমন্বয় করেন।