সাতক্ষীরা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার ঘোনা সীমান্তের দাঁতভাঙ্গা শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ (বুধবার, ১৪ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ঘোনা বিওপির একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঘোনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬/১৩-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা শ্মশানঘাট এলাকা দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার করা হবে।