আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ অক্টোবর এ কর্মসূচির উদ্বোধন করবেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতারা।
রোববার এনসিপির বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর জনসংশ্লিষ্ট বিষয়ে শাহবাগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিয়োজিত থাকবে। শীর্ষ নেতৃবৃন্দ স্ব স্ব নির্বাচনি আসনে পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
এছাড়া কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষিত হবে। আরও ১০০ টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীর তালিকা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রস্তুতকরণের কাজে গতি বাড়ানো হবে।
নাহিদ ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আখতার হোসেন এমপির সঞ্চালনায় সভায় অংশ নেন এনসিপির রাজনৈতিক পর্ষদের নিম্নোক্ত সদস্যবৃন্দ: হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আলামিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত।