জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল তৈরি করে ৩ লাখ ১৫ হাজার ৭৫৭ টাকা আত্মসাৎ করায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারের প্রধান রাসায়নিক পরীক্ষক (বর্তমানে সিলেট বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারে সংযুক্ত) ড. দুলাল কৃষ্ণ সাহাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
আজ রোববার (১১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৩ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. দুলাল কৃষ্ণ সাহা ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক হিসেবে কাজ করার সময় দীর্ঘদিন জালিয়াতির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা আদালতে সমন ও সাক্ষ্য প্রদানের সার্টিফিকেট তৈরি করে সেসব আদালতে সাক্ষ্য না দিয়েও—ভুয়া বিলের বিপরীতে বিধিবহির্ভূতভাবে বিল করে সরকারি অর্থ উত্তোলন করেন।
এতে আরো বলা হয়, ড. দুলাল কৃষ্ণ সাহা ২০০০ সালের ২৮ জুন ডিএনসির রাসায়নিক পরীক্ষক পদে (৬ষ্ঠ গ্রেড) যোগদান করেন এবং ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত একই গ্রেডে কর্মরত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি দেশের অভ্যন্তরীণ সফরের ক্ষেত্রে বিমানযোগে ভ্রমণের প্রাধিকারভুক্ত না হয়েও—শতাধিকবার বিভিন্ন স্থানে বিমানে যাতায়াতের ভ্রমণ বিল দাখিল করে সরকারি অর্থ উত্তোলন করেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ডিএনসির প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী তিনি সর্বমোট ৩ লাখ ১৫ হাজার ৭৫৭ টাকা বিধিবহির্ভূতভাবে সরকারি কোষাগার থেকে উত্তোলন করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন এবং সেসব টাকা আত্মসাৎ করেছেন। তাই অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার দায়ে দুলাল কৃষ্ণ সাহাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.