1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

আবাসন সংকটে উত্তাল স্পেন, রাস্তায় নেমেছে লাখো বিক্ষোভকারী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ভাড়াটিয়াদের সুরক্ষায় আনা জরুরি আবাসন আইন পার্লামেন্টে পাস করাতে ব্যর্থ হয়েছে স্পেনের ক্ষমতাসীন জোট সরকার। এর প্রতিবাদে ও বাড়িভাড়া কমানোর দাবিতে রাজধানী মাদ্রিদসহ দেশের প্রায় অর্ধশত শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। শনিবার (৩ অক্টোবর) মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনাসহ প্রধান শহরগুলোতে অন্তত ৫০টি প্রতিবাদ সমাবেশের ডাক দেয় ভাড়াটিয়া সংগঠনগুলো।

উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ায় রিয়েল এস্টেট সম্মেলন চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়লে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আবহাওয়া খারাপ থাকায় বার্সেলোনায় সমাবেশ সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজধানী মাদ্রিদের প্রধান স্কয়ার ‘পুয়ের্তা দেল সোল’-এ হাজার হাজার আন্দোলনকারী তাবু গেড়ে অবস্থান নিয়েছেন। মাদ্রিদের তেনান্তস ইউনিয়ন বা ভাড়াটিয়া ইউনিয়ন অংশগ্রহণকারীর সংখ্যা পাঁচ লাখ দাবি করলেও সরকারি হিসাবে তা প্রায় ৭০ হাজার বলে জানানো হয়েছে। আন্দোলনকারীরা দ্রুত সংকট সমাধানে দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন।

গত সেপ্টেম্বর মাসে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামে এক বৃদ্ধাকে অতিরিক্ত ভাড়া দিতে না পারায় নিজ বাসা থেকে উচ্ছেদ করা হয়। এ ঘটনা সামনে এলে পুরো স্পেনজুড়ে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। এর প্রেক্ষাপটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বামপন্থি সরকার পার্লামেন্টে দুটি জরুরি অধ্যাদেশ পেশ করে।

সংসদে পেশ করা প্রথম অধ্যাদেশে বেশ কিছু সুরক্ষামূলক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল উচ্ছেদপ্রবণ ভাড়াটিয়াদের ২০৩০ সাল পর্যন্ত আইনি সুরক্ষা দেওয়া, ২০২৮ সালের মধ্যে মেয়াদ শেষ হতে যাওয়া ভাড়ার চুক্তিগুলো আরও দুই বছর বৃদ্ধি করা, পর্যটনকেন্দ্রিক বা কমার্শিয়াল অ্যাপার্টমেন্টের ওপর করের পরিমাণ বাড়ানো এবং তথাকথিত ‘শকুনি তহবিল’ বা অতি-মুনাফালোভী বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর আবাসিক সম্পত্তি কেনার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা।

অন্যদিকে, দ্বিতীয় অধ্যাদেশের প্রধান বিষয় ছিল বাসা ভাড়ার চুক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে নবায়নের বাধ্যবাধকতা তৈরি করা।

তবে শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে বিরোধী দল কনজারভেটিভ পিপলস পার্টি (পিপি), ডানপন্থি রাজনৈতিক দল ‘ভক্স’ এবং কাতালান স্বাধীনতাপন্থি দল ‘টুগেদার ফর কাতালোনিয়া’-র জোরালো বিরোধিতার মুখে পড়ে দুটি অধ্যাদেশই শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়। এর মধ্যে প্রথম অধ্যাদেশটি ১৭৮-১৭২ ভোটে এবং দ্বিতীয় অধ্যাদেশটি ১৮৪-১৬৬ ভোটের ব্যবধানে বাতিল হয়ে যায়।

পার্লামেন্টে এই পরাজয়ের পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নির্ধারিত সময়ের আগেই আগাম সাধারণ নির্বাচনের ডাক দিতে পারেন বলে রাজনৈতিক গুঞ্জন তীব্র হয়েছে।

ব্যাংক অব স্পেনের তথ্য অনুযায়ী, চাহিদার তুলনায় দেশটিতে বর্তমানে প্রায় সাত লাখ আবাসন ঘাটতি রয়েছে। গত এক বছরে বাড়ি বিক্রি ও কেনায় ১২ দশমিক ২ শতাংশ দাম বেড়েছে। অন্যদিকে ২০২৫ সালে ভাড়া বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ।

মাদ্রিদ ও বার্সেলোনা বর্তমানে স্পেনের সবচেয়ে ব্যয়বহুল শহর, যেখানে প্রতি বর্গমিটারের জন্য যথাক্রমে ২২ দশমিক ৭০ ইউরো এবং ২৩ দশমিক ৮০ ইউরো পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ