| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে রোটারি রিপসা টিমের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার নগরীর শেখ মুজিব রোড ও আগ্রাবাদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোটারি রিপসা টিমের সার্ভিস প্রজেক্ট কো–অর্ডিনেটর সিপি মো. নজরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে রোটারিয়ানসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ইব্রাহিম হাসান, সুদীপ কুমার চান্দ, আব্দুল হাকিম, কাজী হাসানুজ্জামান শান্টু, রোটা. ফজলুল করিম চৌধুরী, রোটা. মো. সাহাদাত হোসেন, রোটা. মোহাম্মদ হোসেন এবং রোটারিয়ান মেহেদী হাসান।
রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রামে হৃদরোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। হৃদরোগ এখন শুধু বয়স্কদের সমস্যা নয়; তরুণ প্রজন্মের মধ্যেও এ ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী হৃদরোগ ও স্ট্রোক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এবং বাংলাদেশেও অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগ একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।
বক্তারা বিশ্ব হার্ট দিবসের এই কর্মসূচি থেকে হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।