ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার সংযুক্ত আরব আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলের চ্যানেল ১২ (দুইজন বেনামী সূত্রের বরাত দিয়ে) এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স (ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে) এ তথ্য জানিয়েছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার দুপুরের পরপরই নেতানিয়াহু একটি বেসরকারি বিমানে চড়ে আবুধাবির উদ্দেশ্যে রওনা হন। তিনি বিকেল ৩টা ১০ মিনিটে সেখানে পৌঁছান এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় চার ঘণ্টা অবস্থান করেন।
তবে এ বৈঠকের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়, ইসরায়েলে অবস্থিত আমিরাতের দূতাবাস কিংবা সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চলতি মাসে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ-এর এক প্রতিবেদনের পর এই সফরের খবর সামনে এলো। হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের বড় ধরনের অভিযানের পরিকল্পনার বিষয়ে ওই ঘটনার দেড় সপ্তাহ আগেই নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন শেখ মোহাম্মদ। তবে সেই সতর্কবার্তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর কাছে পৌঁছানো হয়নি বলে হারেৎজ জানিয়েছিল।
তবে এই প্রতিবেদনটি অস্বীকার করে উল্টো ওই সংবাদপত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। বর্তমানে পুনর্নির্বাচনী প্রচারণার কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি। অন্যদিকে, ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থতার জন্য নেতানিয়াহুকেই দায়ী করছেন বিরোধী দলের নেতারা।
হারেৎজের প্রতিবেদন নিয়ে সংযুক্ত আরব আমিরাত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলেছে, ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে আমিরাত ও ইসরায়েল নিজেদের মধ্যে 'উন্মুক্ত ও সরাসরি যোগাযোগের মাধ্যম' বজায় রেখেছে। এর আগে আমিরাতের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত অন্যান্য দেশের সঙ্গে 'সংশ্লিষ্ট সংস্থাগুলোর' মাধ্যমে নিরাপত্তা বিষয়ে আলোচনা করে, তবে তা 'জাতীয় নেতাদের পর্যায়ে' নয়।
চলতি বছরের মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, নেতানিয়াহু উপসাগরীয় ওই দেশটিতে 'গোপনে সফর' করেছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।
তবে এর পরপরই আমিরাত অস্বীকার করে জানায়, প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের সঙ্গে নেতানিয়াহুর এমন কোনো বৈঠক হয়নি।
বৈঠকটি সম্পর্কে অবগত একটি সূত্র সে সময় জানিয়েছিল, ২৬ মার্চ নেতানিয়াহু এবং শেখ মোহাম্মদ ওমান সীমান্তের কাছে আবুধাবির শহর আল-আইনে বৈঠক করেন।
ইরান যুদ্ধের সময় হামলার শিকার হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে সংযুক্ত আরব আমিরাত। মূলত ২০২০ সালের আব্রাহাম চুক্তির ফলস্বরূপ ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হয়। ইসরায়েলের সঙ্গে এই সম্পর্ক আমিরাতকে আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি সুযোগ এবং ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের একটি অনন্য মাধ্যম তৈরি করে দিয়েছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.